'এলা হামার ঘরও নাই, বাড়িও নাই'
‘চোখের সামনোতে হামার পাকা ঘরগুলা নদীত ভাঙি পড়িল। তাকে তাকে দেখনো। রক্ষা কইরবার পারনো না। এই ঘর কত কষ্ট করি যে করছি। এলা হামার ঘরও নাই, বাড়িও নাই। মাইনষের বাড়িত থাকা লাগতোছে।’
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের আলমার বাজার এলাকার বাসিন্দা বাবুল মিয়া (৪০) আবেগতাড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন।
শুধু বাবুল মিয়া নন, গত রোববার ভোরে আলমার বাজার এলাকায় এভাবে অনেকের ঘরবাড়ি ও দোকানপাটই নিমেষে তিস্তা নদীতে বিলীন হয়েছে।
গত বুধবার সকালে মর্ণেয়া ইউনিয়নে গেলে আলমার বাজার এলাকার তাজউদ্দিন (৪৫) বলেন, ‘গেল রোববার ভোরবেলা দেখি নদীর পানি বাড়তোছে। বাড়ির মালামাল সরাবার পারছি। কিন্তু হামার আধা পাকা দুইটা ঘরবাড়ি নদীত চলি গেল।’ তিনি আরও বলেন, ‘মাইনসের বাড়িত উঠছি। বউ-ছাওয়া নিয়া কষ্ট করি আছি।’ নদীতে পাকা ঘরবাড়ি বিলীন হয়ে গেছে সাহেব আলীর (৪০)। তিনিও একই রকম কষ্টের কথা জানান।
আলমার বাজার এলাকায় পাঁচটি বাড়িঘর ছাড়াও ৪৮টি দোকানপাট বিলীন হয়েছে। ভোরে বাঁধ ভেঙে যাওয়ায় লোকজন বাড়ি ও দোকানের মালামালের কিছু অন্যত্র সরাতে পারলেও অনেক কিছুই সরাতে পারেনি।
মর্ণেয়া ইউপির চেয়ারম্যান মোছাদ্দেক আলী আজাদ বলেন, ১৯৮৮ সালের বন্যার চেয়ে বড় বন্যা হয়েছে এবার। ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কিন্তু চাহিদার তুলনায় ত্রাণ সামান্য। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।