'কত কষ্ট, কেউ বুঝে না'

বন্যা মর্জিনা বেগমের সাজানো সংসার ভাসিয়েছে। ২০ দিন ধরে ঘরে বুকসমান পানি। ঘরে থাকা সব আসবাব পানির নিচে। তিন মাস আগে স্বামীও মারা যান। এরপর থেকে নিজেই টুকটাক কাজ করে সংসার চালিয়ে আসছিলেন। এখন বন্যার কারণে কোথাও কোনো কাজ করার উপায় নেই। কোনোরকম খেয়ে না খেয়ে জীবন চলছে তাঁর।
আজ শুক্রবার সকালে বন্যাদুর্গত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম কাজলা গ্রামে মর্জিনা বেগমের সঙ্গে দেখা হয় এই প্রতিবেদকের। মর্জিনা বেগম বলেন, ‘বানেই আমগোর মরণ। বান যে কী দেখছে। কোঠাও কিছু নাই। সব বানের তলে। গরিব মানুষ। কী খাই, কী পরি। ঘুম নাই, শান্তি নাই। অমনেই দিন যাইতেছে। কারও কাছেই কোনোডাই পাইনি। কত কষ্ট, কেউ বুঝে না।’
মর্জিনা বেগমের মতো এমন দুর্ভোগের জীবন কমবেশি বানভাসি প্রতিটি পরিবারের। গ্রামের লোকজন যে যেখানে পেরেছেন সেখানে ঠাঁই নিয়েছেন। কেউ অন্যের বাড়িতে, কেউ কেটে রাখা মাটির স্তূপের ওপর, কেউ উঁচু রাস্তায়, কেউবা নিজের বাড়িতেই চৌকি উঁচু করে আশ্রয় নিয়েছে। বন্যাকবলিত এই মানুষগুলোর বেশির ভাগ নদীভাঙনের শিকার অথবা হতদরিদ্র। তাঁরা দিন আনে দিন খায়। বন্যার কারণে প্রায় তিন সপ্তাহ ধরে কর্মহীন এসব মানুষের তিন বেলা খাবার জোটে না। শুধু যে নিজের খাবারের চিন্তা তা নয়, সঙ্গে রয়েছে গবাদিপশুও। গবাদিপশুদেরও ঠিকমতো খাবার জুটছে না। অনেকে গবাদিপশুর সঙ্গে একই ছাপরার নিচে থাকছেন।
নৌকা দেখে ছুটে এলেন বড়খাল গ্রামের শহর আলী ও আঙ্গুরি বেগম নামের এই দম্পতি। বন্যার প্রথম কয়েক দিন চৌকি উঁচু করে ঘরেই ছিলেন। তবে পানি বাড়ায় চার দিন ধরে গ্রামের একটি বাজারে আশ্রয় নিয়েছেন। কিন্তু ঘরের জন্য মন কাঁদে। তাই কলাগাছের ভেলায় করে ঘরবাড়ি দেখতে আসেন। আঙ্গুরি বেগম বললেন, ‘কেমুন কষ্টে আছি। বাড়ির ভিতর দেইখা আহেন। সব তলাই গেছে। কামকাজ নাই। কী খাই, কী না খাই। কমুন করে চলব। ভাত-কাপড়, প্রস্রাব-পায়খানার কষ্ট। রাত-দিনে ঘুম নাই। কত কষ্টে আছি। কেউ কি টের পাই।’

সরকারি লোক ভেবে কাজলা গ্রাম থেকে কয়েকজন নারী-পুরুষ নৌকার কাছে ছুটে আসেন। তাঁদের মধ্যে নূর নবী একজন। তিনি বলেন, ‘দিনমজুরি করে সংসার চলাই। মধ্যে কয়দিন বাদে ২০ দিন ধরে বানে ভাসছি। কাজ নাই। আমগোরে জমানো টাহা নাই। যাও ছিল, তা–ও শেষ। বন্যার মধ্যে ধারকর্জ কে দেবে? সবারই অবস্থা এবাই। গরু-বাছুর লইয়াও বিপদে আছি। খেড় নাই। আমগোর মতো গরু-বাছুরও কষ্টে আছে।’
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘দিন-রাত দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে গোখাদ্যও বিতরণ করা হচ্ছে। এত দুর্গত এলাকায় একসঙ্গে পৌঁছানো সম্ভব নয়। তবে আমরা খুব দ্রুত সব এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছি।’