'করতোয়ার উজানে-ভাটিতে শত্রু, নেই কোনো মিত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘করতোয়া ও বাঙ্গালী নদী এবং নাগর নদ রক্ষায় করণীয়’ শীর্ষক গণশুনানিতে বক্তব্য দেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: প্রথম আলো
‘করতোয়া ও বাঙ্গালী নদী এবং নাগর নদ রক্ষায় করণীয়’ শীর্ষক গণশুনানিতে বক্তব্য দেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: প্রথম আলো

করতোয়া নদী বগুড়ার সংস্কৃতির অংশ। প্রাচীন নানা দলিলে উল্লেখ আছে, গঙ্গার থেকেও তিন গুণ বড় ছিল এই নদী। মহাভারতেও করতোয়া নদীর পবিত্র পানির কথা উল্লেখ রয়েছে।
করতোয়াপারের শহর বগুড়ার কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার নদীর প্রাচীনত্ব ও বৈভবের কথা তুলে ধরলেন এভাবেই। তবে এর পাশাপাশি কবি বললেন তাঁর কষ্টের কথা, নদীটির কষ্টের কথা। তিনি বললেন ‘এখন করতোয়ার উজানে শত্রু, ভাটিতে শত্রু, নেই কোনো মিত্র।’

করতোয়া নদী নিয়ে বগুড়া শহরে আজ মঙ্গলবার হয়ে গেল গণশুনানি। পরিবেশবিদ, এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, এমনকি সরকারি কর্মকর্তারাও ছিলেন। সবাই বলেছেন, এ নদী এখন সর্বস্ব হারাতে বসেছে। নিষ্ঠুর কিছু মানুষের জন্য তার এই দৈন্যদশা। তাদের লোভের শিকার করতোয়া। উন্নয়নের নামে চলছে নদী দখল, প্রবাহ হচ্ছে বন্ধ। অথচ আসলে উন্নয়নের জন্যই বাঁচাতে হবে বগুড়ার এই প্রাণকে।

দেশের জাতীয় পর্যায়ের সাতটি সংগঠনের সমন্বয়ে গঠিত পানি অধিকার ফোরামের সহযোগিতায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ শুনানির আয়োজন করে। স্থানীয় একটি মোটেলে আজ মঙ্গলবার ‘করতোয়া ও বাঙ্গালী নদী এবং নাগর নদ রক্ষায় করণীয়’ শীর্ষক এই গণশুনানির আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন বাপার বগুড়া জেলা কমিটির সভাপতি আনোয়ারুল করিম।
অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বললেন, ‘প্রশাসনের সদিচ্ছা ও স্বচ্ছতার অভাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়হীনতায় হাইকোর্টের নির্দেশের পরও করতোয়া নদীর দখল ও দূষণ বন্ধ হচ্ছে না। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের বিচ্ছিন্ন অভিযান হচ্ছে, কঠোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।’
করতোয়ার উৎসমুখে জলকপাট নির্মাণের তীব্র বিরোধিতা করেন ম্যাগসেসে পুরস্কার পাওয়া পরিবেশবিদ রিজওয়ানা হাসান। তিনি বললেন, ‘করতোয়ার উৎসমুখে জনস্বার্থবিরোধী জলকপাট নির্মাণ করা হলে, “ভারত বাঁধ দিয়ে পানি আটকেছে, আমরাও বাঁধ দিয়ে পানি আটকেছি” মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হবে।’
গণশুনানিতে অংশ নেন নাটোরের চলনবিল-বড়াল রক্ষা কমিটির সদস্যসচিব মিজানুর রহমান। তিনি বলেন, রাজশাহীর চারঘাটে পাউবোর ১৬টি জলকপাট ২২০ কিলোমিটার বড়ালকে মেরে ফেলেছে। আশির দশকে খুলশীতে নির্মিত পাউবোর জলকপাটটি করতোয়াকেও হত্যা করেছে। অথচ করতোয়া রক্ষার নামে উৎসমুখে আবারও নতুন করে ৬ ভেন্ট রেগুলেটরের জলকপাট নির্মাণ করতে যাচ্ছে পাউবো।

গণশুনানিতে কথা বলছেন এক অংশগ্রহণকারী। ছবি: প্রথম আলো
গণশুনানিতে কথা বলছেন এক অংশগ্রহণকারী। ছবি: প্রথম আলো

নদী যাঁদের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে, এমন মানুষেরাও ছিলেন আজকের অনুষ্ঠানে। এঁদের একজন শাজাহানপুর উপজেলার ডেমাজানি মৎস্যজীবী সমিতির সহসভাপতি নিত্যনন্দ দাস। তিনি বলেন, ‘একসময় জালে ধরাপড়া মাছ নিয়ে বাবার সঙ্গে নৌকায় বগুড়া শহরে গিয়ে বিক্রি করতাম। এখন মরা নদীতে মাছ মেলে না। নৌকা চলে না। একটা জলকপাট আমাদের পথে বসিয়েছে। হাজার হাজার জেলেকে বেকার করেছে।’
বংশপরম্পরায় মাটির মৃৎশিল্প তৈরির পেশায় জড়িত শাজাহানপুর উপজেলার ঋষিকেশ পাল। তিনি বলেন, করতোয়ার বুকে যখন নৌকা চলত, তখন পালপাড়ায় তৈরি মাটির পাতিলের আগে প্রচুর কদর ছিল। প্রতিদিন নৌকায় ৪০ হাজার পাতিল যেত ময়মনসিংহে। এখন নদীতে জল নেই। নৌকা চলে না। মাটির জিনিসেরও কদর নেই। পালেরা বেকার।
বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, করতোয়ার সঠিক সীমানা নির্ধারণ করে দখলদারদের তালিকা তৈরি করতে হবে।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, বগুড়া শহরে করতোয়া নদীর সীমানা নির্ধারণ করে কিছু খুঁটি স্থাপন করা হয়েছে। এসব খুঁটি নদীর সীমানার ভেতরে স্থাপন করা হয়েছে। এর সঙ্গে ভূমি কার্যালয়ের একটি অশুভ চক্র জড়িত।

গণশুনানিতে বগুড়ার অতিরিক্ত বিচারিক হাকিম (এডিএম) আলিমূন রাজীব বলেন, নদী রক্ষা এবং দখল-দূষণের মতো সামাজিক অনাচার বন্ধ করা শুধু প্রশাসনের কাজ নয়, নাগরিকদেরও দায়িত্ব। শুধু অভিযান দিয়ে বালু তোলা বন্ধ সম্ভব নয়; সামাজিক আন্দোলন দরকার।
আলিমূন রাজীব জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে দখলদারের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এখন সেই তালিকা যাচাই-বাছাই চলছে।
আজকের অনুষ্ঠানে অনেক বক্তাই করতোয়ার উৎসমুখে জলকপাট নির্মাণের বিরোধিতা করেন। তবে সরকারের পাউবোর কর্মকর্তা জানান, এ কপাট নির্মিত হবে শুকনো মৌসুমে পানি ধরে রাখতে।
পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, করতোয়া নদী রক্ষায় ৪০০ কোটি টাকার প্রকল্প তৈরির কাজ চলছে। প্রকল্পের মধ্যে ১২২ কিলোমিটার নদী পুনঃখনন ছাড়াও উৎসমুখ খুলশিতে ৬ ভেন্ট জলকপাট এবং শাজাহানপুরের মাদলা ও শেরপুরে ভাটিতে দুটি জলকপাট নির্মাণ করে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজকের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান, এলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুল মালেক।