যমুনা নদীতে ভয়ংকর স্রোত আর প্রচণ্ড ঢেউয়ের সঙ্গে খানিকটা লড়াই করে বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাট থেকে গতকাল বৃহস্পতিবার টানা দেড় ঘণ্টা পর পৌঁছানো গেল উপজেলার কামালপুর ইউনিয়নের রোহদহ পুরোনো বাঁধে। তিন বছর আগে নির্মিত এই বাঁধের ধলিরকান্দি থেকে রোহদহ বাজার পর্যন্ত এরই মধ্যে প্রায় পুরোটাই যমুনায় বিলীন। রোহদহ বাজারের পর বাঁধের ৩০০-৪০০ মিটার অংশ টিকে আছে এখনো।
বাঁধের পূর্ব দিকে ধু ধু যমুনায় থইথই পানি। পশ্চিম দিকে রোহদহ গ্রামও ভাসছে পানিতে। কয়েক শ বাড়িঘর ডুবে আছে। পানিতে ডুবে থাকা একটি মসজিদের মিনার এখনো দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পানিবন্দী মানুষ বসতঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। ঘরে পানি ওঠায় প্রায় ১০০ পরিবার আশ্রয় নিয়েছে যমুনাঘেঁষা পুরোনোবাঁধে। পলিথিন-চট টানিয়ে, টিনের বেড়া দিয়ে কোনো রকমে ঝুপড়িঘর বানিয়ে সেখানে উঠেছে বানভাসি লোকজন। ঝুপড়িঘরে মানুষে, গরু-ছাগলে একসঙ্গে বসবাস।
সাত দিন ধরে বাঁধে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে ইজাতন বেওয়ার। গতকাল বাঁধের ঝুপড়িঘরে গেলে কথা হয় তাঁর সঙ্গে। ইজাতন বলেন, ‘ঘরত অ্যাকনা খাবার নাই। সাত দিন ধরে খিদার জ্বালায় না খ্যায়া মরিচ্চি। কেউ অ্যাকনা খোঁজ খবর লিচ্চে না, অ্যাকনা ইলিপও দিচ্চে না।’ রোহদহ পুরোনো বাঁধে আশ্রয় নেওয়া ফজলু মিয়া বলেন, ‘সাত দিন ধরে বানের পানিত ভাসিচ্চি। কেউ খোঁজখবর লিচ্চে না।’
রোহদহ বাঁধে যাওয়ার পথে ধলিরকান্দি গ্রামের বানভাসি আনোয়ার হোসেন (৬০) বলেন, ‘এবারের মতো এত বেশি পানি কখনো দেখেননি।’ ত্রাণ না পাওয়ার অভিযোগ করলেন কালীতলা ঘাট থেকে রোহদহ যাওয়ার পথে নদীতীরবর্তী গ্রামের বানভাসি বহু মানুষ। ত্রাণের জন্য হাহাকার পড়েছে কর্নিবাড়ি থেকে কামালপুর ইউনিয়নের গোদাখালি পর্যন্ত প্রায় আট কিলোমিটার বাঁধে আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মধ্যে। এখানে আশ্রয় নেওয়া রোহদহ, ঘুঘুমারি, শেখপাড়া, কামালপুর, চন্দনবাইশা, নিজ চন্দনবাইশা, ঘুঘুমারি, ফকিরপাড়া, আকন্দপাড়া গ্রামের বানভাসি লোকজন বলেন, গরু-বাছুর নিয়ে কোনো রকমে বাঁধে এসে আশ্রয় নিলেও ত্রাণ মিলছে না।
কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুর রহমান বলেন, তাঁর ওয়ার্ডের কেউ ত্রাণ সহায়তা পাননি। তবে গতকাল ১০ কেজি করে চাল সাহায্য প্রদানের জন্য ইউপি থেকে ৯০ জনের তালিকা করতে বলা হয়েছে।
সাংসদ এলাকায় আসার পর ত্রাণ তৎপরতা
দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৫০ মেট্রিক টন চাল, এক লাখ টাকা এবং দুই হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দের কথা গণমাধ্যমকে চার দিন আগেই নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ও সারিয়াকান্দির ইউএনও মনিরুজ্জামান। সেই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে গতকাল থেকে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাংসদ আবদুল মান্নান ঢাকায় অবস্থান করায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেনি উপজেলা প্রশাসন। গতকাল সাংসদ এলাকায় ফিরলে প্রশাসন দুর্গত কিছু এলাকায় ত্রাণ বিতরণ করে।
সারিয়াকান্দি পৌরসভার মেয়র আলমগীর শাহী গতকাল জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনে বলেন, পৌরসভার ১৭টি মহল্লার প্রায় আড়াই হাজার পানিবন্দী পরিবারের জন্য কোনো ত্রাণ মেলেনি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম সমন্বয় করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুস সামাদ। তিনি বলেন, সরকারের বাইরে বেসরকারি ওয়ান ব্যাংক থেকে দেড় হাজার প্যাকেট ত্রাণসামগ্রী মিলেছে। সাংসদের উপস্থিতিতে গতকাল তিন হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে।
সাংসদ মান্নান বলেন, ‘১৫ আগস্টের দলীয় কর্মসূচির কারণে ঢাকায় ছিলাম। তবে গতকাল এলাকায় ফিরেই দুর্গত এলাকায় উপস্থিত থেকে তিন হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। তবে সারিয়াকান্দি পৌরসভার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’