'কোমেন' দুদিন বৃষ্টি ঝরাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘কোমেন’ দুর্বল হয়ে পড়লেও এর দাপটে দেশজুড়ে বৃষ্টি ঝরছে। রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকাল থেকে বিরামহীন বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসমতে, আগামীকাল শনিবারও কোমেনের প্রভাবে বৃষ্টি হবে।
গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকায় সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটি জেলায়। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে ১৫০ মিলিমিটার। টেকনাফে ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, সকাল ছয়টায় কোমেন উত্তরের দিকে সরে গিয়ে সন্দ্বীপের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে নোয়াখালী ও আশপাশে অবস্থান করছে। বৃষ্টি ঝরিয়েই ‘কোমেন’ পশ্চিম-উত্তর পশ্চিমে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপৎসংকেতের বদলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৫ নম্বর বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজসমূহকে আজ বিকেল (৩১ জুলাই, ২০১৫) পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে তাদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে জানান, ‘কোমেন’ এখন দুর্বল হয়ে পড়েছে। তবে খুব ধীরে হচ্ছে। তাই ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও দুদিন বৃষ্টি হতে পারে।