
বুকসমান গাছ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে নজরকাড়া ছোট ছোট কমলা। এরই মধ্যে কিছু ফলে পাকা রংও ধরেছে। ফলটির নাম ‘চায়নিজ কমলা’। সুদূর চীন দেশে ব্যাপক চাষ হয় বলে ফলটির এমন নামকরণ। তবে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হায়াছড়া গ্রামের কমলাচাষি আবদুল গফুরের বাগানে এ ফলটির চাষ হচ্ছে। ফলনও হয়েছে ভালো।
সরেজমিনে দেখা গেছে, গফুরের বাড়ির পেছনের দুটি টিলার ঢালে সারি সারি কমলাগাছ। গাছভর্তি ফল। স্থানীয় জাতের কমলার পাশাপাশি সেখানে রয়েছে বেশ কিছু চায়নিজ কমলার গাছ। চায়নিজ কমলার গাছ ও ফল স্থানীয় জাতের চেয়ে আকারে ছোট।
হেঁটে হেঁটে বাগান দেখার ফাঁকে আবদুল গফুর জানালেন, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় জাতের কমলার চাষ করছেন। তাঁর দুটি বাগানে স্থানীয় জাতের দুই শতাধিক কমলাগাছ রয়েছে। ২০০৯ সালের দিকে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার একটি নার্সারি থেকে কৌতূহলী হয়ে ১৮০টি চায়নিজ কমলাগাছের চারা কিনে আনেন। বাগানের ফাঁকে ফাঁকে লাগান এসব চারা। গত বছর (২০১৩) প্রথমবার গাছে ফল ধরে। তবে সংখ্যায় কম ছিল। এবার প্রচুর ফল ধরেছে।
গফুরের ভাষ্যমতে, চায়নিজ কমলার একেকটি গাছে এক থেকে দেড় হাজার ফল ধরেছে। কার্তিক মাসের শেষ দিকে ফল পুরোপুরি পাকবে। তখন বিক্রি শুরু করবেন। স্থানীয় জাতের কমলায় রোগবালাই বেশি দেখা দেয়। তবে চায়নিজ কমলায় এখনো রোগবালাই দেখা দেয়নি।
গফুর জানান, তাঁর ফল প্রাকৃতিকভাবেই বেড়ে উঠছে। এতে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়নি। এ কারণে বাজারে আমদানি করা চায়নিজ কমলার চেয়ে তাঁর উৎপাদিত ফলের চাহিদা বেশি থাকবে বলে তিনি আশাবাদী। এ ছাড়া স্থানীয় জাতের কমলার ফলনও এবার ভালো হয়েছে বলে তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান সম্প্রতি আবদুল গফুরের বাগানের চায়নিজ কমলার ফলন সরেজমিনে দেখেছেন। তিনি বলেন, এ জাতের কমলার জন্ম চীনে। সে কারণে বাজারে এটা চায়নিজ কমলা নামে পরিচিত। স্থানীয় জাতের চেয়ে চায়নিজ কমলা মিষ্টি বেশি। ফলে অনেকেই সেটা পছন্দ করে। গফুরকে ফলটির বীজ থেকে চারা উৎপাদন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
দেশি জাতের খবর: হায়াছড়া গ্রামে বাগানের গাছ থেকে পাকা কমলা পেড়ে বাঁশের টুকরিতে ভরে এনে বাড়ির উঠানে রাখা হয়েছে। সেখানে বসে আকারভেদে কমলা বাছাই করছিলেন কমলাচাষি আবদুর রহমান ও তাঁর স্ত্রী অজুফা বেগম। বাছাই করা এসব কমলা পাইকারদের কাছে বিক্রি হবে। তাঁদের দুটি কমলাবাগানে ৩০০ গাছ রয়েছে। ফলন সম্পর্কে জানতে চাইলে অজুফা হেসে বললেন, ‘এইবার কমলা পাইয়া মন ভরি গেছে।’
এলাকাবাসী জানান, হায়াছড়াসহ আশপাশের লালছড়া, শুকনাছড়া, রুপাছড়া, জরিছড়া ও কচুরগুল গ্রামের বিভিন্ন বাগানে এবার কমলার ভালো ফলন হয়েছে।
লালছড়ার বড় বাগানটি মোর্শেদ মিয়ার। ওই বাগানের ৫০০ গাছে কমলা ধরেছে।
চাষিরা জানান, এখানকার কমলা দেশি জাতের। আকারভেদে ১০০ কমলা এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকায় পাইকারি বিক্রি হয়। সিলেট, কিশোরগঞ্জের ভৈরব ও চট্টগ্রামের ফলের আড়তদারেরা এখান থেকে কমলা কিনে নেন।
বানর ও কাঠবিড়ালি ফল নষ্ট করে ফেলে। সে কারণে পুরোপুরি পাকার আগেই চাষিরা কমলা পেড়ে বিক্রি করে ফেলেন।
উপজেলার ৮৮ হেক্টর টিলাভূমিতে কমলার চাষ হয়। গাছের সংখ্যা প্রায় ৭৫ হাজার। ব্যক্তিমালিকানাধীন বাগান আছে ৬৮টি।