'পরিবেশের ক্ষতি না হলে আপত্তি নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলপ্রয়োগ করে নয়, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এবং এলাকাবাসীকে বুঝিয়ে চট্টগ্রামের বাঁশখালীর কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে হবে। স্থানীয় লোকজনকে বোঝাতে হবে এই প্রকল্প তাঁদের জন্য ক্ষতির কারণ হবে না। এতে পরিবেশেরও ক্ষতি হবে না। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এমন মত উঠে এসেছে।
সভায় প্রকল্প এলাকার লোকজন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন’ কমিটির সঙ্গে মতবিনিময় করে চট্টগ্রাম জেলা প্রশাসন। সভায় আন্দোলনকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আজ সোমবারের মধ্যে মুক্তি দেওয়া, বাঁশখালীর ইউএন ও ওসিকে প্রত্যাহার করা, এলাকার ক্ষতিগ্রস্ত লোকজনকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া, এলাকার কয়েকজন বাসিন্দাকে দেশে ও বিদেশের কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সুযোগ দেওয়া এবং এই প্রকল্প সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে এলাকার লোকজনের কথা বলার ব্যবস্থা করা। তাঁরা বলেন, পরিবেশের ক্ষতি না হলে এই বিদ্যুৎকেন্দ্র নিয়ে গণ্ডামারাবাসীর কোনো আপত্তি থাকবে না।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হন।
দুপুরের সভায় আন্দোলনকারীরা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন প্রকল্পটি সম্পর্কে এলাকার লোকজনের মতামত নেয়নি। তাঁরা শুনেছেন প্রকল্পটি হলে এলাকার ক্ষতি হবে। তাই তাঁরা আন্দোলনে নামেন। এ নিয়ে সংঘর্ষে চারজন লোক প্রাণ হারিয়েছেন। ওই দিন এলাকায় ১৪৪ ধারা জারি করা হলেও তা তাঁরা জানতেন না। এলাকার লোকজন এখন পুলিশ-আতঙ্কে রয়েছেন। তাঁরা বলেন, প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দালালেরা তাঁদের ন্যায্যমূল্যের চেয়ে কম টাকা দিয়েছেন।
সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, এলাকার মানুষের মতামত উপেক্ষা করে বা তাঁদের ক্ষতি করে সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না। প্রকল্পটি সম্পর্কে এলাকাবাসীকে ভুল বোঝানো হয়েছে। গণ্ডামারার লোকজনকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবে সরকার। তাঁদের পুনর্বাসনও করা হবে। বাঁশখালীর ইউএনও ও ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ ছাড়া যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের জামিনে মুক্তির বিষয়ে সহায়তা করা হবে। নতুন করে কাউকে গ্রেপ্তার না করারও আশ্বাস দেন তিনি।
সভায় বক্তব্য দেন ‘গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন’ কমিটির উপদেষ্টা ও চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, কমিটির সভাপতি বদি আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহসভাপতি শফকত চাটগামী, এনামুল হক, আমিনুর রশিদ প্রমুখ। তবে সভায় গণ্ডামারার বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী উপস্থিত ছিলেন না। তাঁর নেতৃত্বে বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলন শুরু হয়। বৈঠকে উপস্থিত না থাকার বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বিকেলের মতবিনিময় সভায় শুরুতে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন প্রজেক্টরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থা তুলে ধরেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমেদ কায়কাউস বলেন, গণ্ডামারায় বিদ্যুৎ প্রকল্প নিয়ে লোকজনের মধ্যে ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তিতে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে তিনি দাবি করেন।
এস আলম গ্রুপর প্রকল্পটির উপদেষ্টা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির সভায় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
গণ্ডামারার বিদ্যুৎ প্রকল্পটির জন্য এখনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়া হয়নি বলে জানান পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মকবুল হোসেন। তিনি বলেন, বিষয়টি এখনো সমীক্ষা করা হচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎ-সংকট নিরসনের জন্য প্রকল্পটি করা দরকার। কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় রেখে তা করতে হবে।
মতবিনিময় সভা শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, গণ্ডামারার ১০ জন লোককে দিনাজপুরে নিয়ে যাওয়া হবে শিগগিরই। এ ছাড়া ভারত ও চীনে নিয়ে কয়লাবিদ্যুৎ প্রকল্পও তাঁদের দেখানো হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শিক্ষক জসীম উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক নাসিম হাসান, বাঁশখালীর উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উল্লাহ প্রমুখ।