'পাত্তা' না দেওয়ায় বড় ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার সকাল ১০টা। সমুদ্র উত্তাল। দমকা বাতাসের সঙ্গে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বেড়িবাঁধের প্রতিরক্ষা পাথরে। তবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার জীবনযাত্রা তখনো অনেকটাই স্বাভাবিক। জেলে, দোকানি—কারও মধ্যেই তেমন কোনো উদ্বেগ নেই।
দোকানি মো. আলম বলেন, ‘প্রতিবার এ রকম সিগন্যাল দেয়, কিছুই হয় না। কেবল একটু বাতাস আর জোয়ার ওঠে। আশা করি, এবারও কিছু হবে না। দেখেন না মানুষজন বাড়ি থেকে যাচ্ছে না।’
বেলা ১১টা। বাড়ছে বাতাসের গতিবেগ। সেই সঙ্গে পাথরের বেষ্টনী পার হয়ে বেড়িবাঁধে আঘাত হানছে ঢেউ। এবার শুরু হয় স্থানীয় লোকজন ও দোকানিদের দৌড়ঝাঁপ। দোকানের জিনিসপত্র বস্তা ভরে সরানোর চেষ্টা শুরু হয়। কিন্তু বাতাসের সঙ্গে পেরে উঠছিলেন না তাঁরা। প্রবল বাতাসে বেড়িবাঁধের ভেতরের দোকানগুলোর টিন উড়ে যাচ্ছিল। সঙ্গে গাছপালা ভেঙে পড়ছিল।
দুপুর ১২টা। বেড়ে যায় বাতাসের গতি। জীবন বাঁচাতে আরও অনেকের সঙ্গে দোকানি মো. আলমও আশ্রয় নেন বাঁধের ওপর পুলিশের একটি অস্থায়ী ক্যাম্পে। সেখানে ছিলেন সাংবাদিক, সাধারণ মানুষ এবং আরও অনেক দোকানি। তখন মো. আলম কাতর কণ্ঠে বলতে থাকেন, ‘আল্লাহ, আমরা এমন ঝড় আগে দেখিনি। প্রথমে আমরা পাত্তা দিইনি। প্রশাসন সকালেও আমাদের সতর্ক করেছিল।’
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার দোকানপাট। ঝড়কে ‘পাত্তা’ না দেওয়ায় দোকানের মালামাল রক্ষা করতে পারেননি মো. আলমের মতো অনেক দোকানি। বেলা ১১টায় শুরু হওয়া তিন ঘণ্টার প্রবল ঝড়ে প্রায় ৫০০ দোকানপাটের ছাউনি উড়ে যায়। নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার পণ্য। ভেসে গেছে কয়েকটি স্পিডবোটও।
সমুদ্রসৈকত দোকান মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মো. লোকমানের দোকান বাঁধের বাইরে। ঝড়ে তাঁর টিনশেড দোকানের তেমন ক্ষতি হয়নি। তবে তাঁর একটি স্পিডবোট ভেসে গেছে। ঘূর্ণিঝড় শুরু হওয়ার পর বেড়িবাঁধের ব্যবসায়ীরা কিছু কিছু মালামাল ওই দোকানে এনে রক্ষা করার চেষ্টা করেন।
মো. লোকমান বলেন, ‘আমার হিসাবে ঝড়ে ৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪০০ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। দোকানিরা মালামাল রক্ষা করতে পারেনি। এতে ক্ষয়ক্ষতি কয়েক কোটি টাকার।’
দোকান মালিক সমিতি সূত্র থেকে জানা যায়, সমুদ্রসৈকত এলাকায় বেড়িবাঁধের ভেতরে ও বাইরে মিলে সমিতিভুক্ত দোকান ৫৩৬টি। এ ছাড়া সমিতিভুক্ত নয়, এমন দোকান আছে আরও অন্তত ২০০টি।
বেলা একটার দিকে ঢেউ একেবারে বেড়িবাঁধের উচ্চতার কাছাকাছি চলে আসে। তখন স্থানীয় বাসিন্দা ও বেড়িবাঁধের বাইরের দোকানিদের মধ্যে নতুন করে জলোচ্ছ্বাসের আতঙ্ক দেখা দেয়। তবে আধঘণ্টা পর ভাটার টান শুরু হয়।
বেলা দুইটা থেকে বাতাসের গতিবেগ কিছুটা কমতে থাকে। এ সময় নিরাপদে আশ্রয় নেওয়া দোকানিরা আস্তে আস্তে দোকানের কাছে যেতে শুরু করেন। কিন্তু তখন আর দোকানের অস্তিত্ব নেই। রোয়ানু সব উড়িয়ে নিয়ে গেছে।
ধ্বংসস্তূপের ভেতরে পণ্যসামগ্রী কিংবা আসবাব খোঁজার চেষ্টা করছিলেন দোকানিরা। ঝড়ে উড়িয়ে নিয়ে যাওয়া দোকানের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বোরহান নামের এক দোকানি বলেন, ‘ভাই, বুঝিনি এতটা ভয়ংকর হবে। এমন যদি জানতাম, তাহলে জিনিসপত্র আগেই সরিয়ে নিতাম।’
ঝড় শুরু হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের উদ্দেশে ছুটতে দেখা যায়।
ঝড়ের সময় সৈকতের পাথরের ওপর এসে আছড়ে পড়ে একটি টাগ বোট। এ ছাড়া বাঁধের কাছাকাছি এসে দুটি জাহাজ পরস্পরের সঙ্গে ধাক্কা খায়।