'পানি দুপুরে কমে তো, রাইতে বাড়ে'

‘গেরামের রাস্তাঘাট ডুইবা আছে। অনেকগুলো বাড়িঘরেও পানি ঢুকছে। পানি দুপুরে কমে তো, রাইতে বাড়ে। বড় অসহায় অবস্থায় আছি।’
এ আর্তনাদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের বাসিন্দা মো. খনর মিয়ার (৬৯)। ১৫ দিন আগে পার্শ্ববর্তী কুশিয়ারা নদীর পানি উপচে তাঁর গ্রামসহ উপজেলার অন্তত শতাধিক গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এরপর থেকেই মূলত শুরু হয় তাঁদের দুর্ভোগ আর মানবেতর জীবনযাপন।
আজ দুপুরে সরেজমিনে গোলাপগঞ্জ উপজেলায় গিয়ে দেখা গেছে, অধিকাংশ বাড়ির ভেতর পানি ঢুকেছে। এসব বাড়ির উঠোনে হাঁটু থেকে কোমরপানি। এ অবস্থায় বানভাসি মানুষ ঘরের ভেতর মাচা বেঁধে বসবাস করছে। বেশ কয়েকটি গ্রামীণ রাস্তা তালিয়ে যাওয়ায় অন্তত সাতটি গ্রামের মানুষ উপজেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টয়লেট, রান্নাঘর, টিউবওয়েল, গোয়ালঘর, গ্রামীণ বাজার ডুবে যাওয়ায় দুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে।
মীরগঞ্জ বাজারের লতিফিয়া সুজের স্বত্বাধিকারী হাফিজ মাওলানা জামাল উদ্দিন জানান, বন্যার পানিতে বাজারের অন্তত ৯০ শতাংশ দোকানপাট তলিয়ে গেছে। এ অবস্থায় ১৫ দিন ধরে ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের পাশাপাশি বাজারকেন্দ্রিক আশপাশের অন্তত ২৫টি গ্রামের বাসিন্দারাও দুর্ভোগে পড়েছেন। বাজারে মিষ্টি ব্যবসায়ী দিপলু দাশ বলেন, তাঁর দোকানে কোমরপানি। এ অবস্থায় তিনি দোকানের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, কুশিয়ারা নদীর পানি উপচে উপজেলার শরীফগঞ্জ, ভাদেশ্বর, বাদেপাশা, বুধবারিবাজার ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের শতাধিক গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলার অর্ধশতাধিক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এ ছাড়া বন্যার পানিতে গ্রামের অধিকাংশ টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকটও দেখা দিয়েছে।

গোলাপগঞ্জ উপজেলা ছাড়া জেলার অন্য উপজেলাগুলোতেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর উপজেলায় বন্যাকবলিত এলাকার সংখ্যা বেশি। এসব উপজেলায় এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এর বাইরে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায় কমসংখ্যক গ্রাম প্লাবিত হলেও সেখানেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ নয় উপজেলায় প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী রয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।
সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরেই আবহাওয়া এই ভালো হচ্ছে, আবার এই খারাপ হচ্ছে। এ অবস্থায় বন্যা পরিস্থিতির কখনো কিছুটা উন্নতি হচ্ছে, আবার কখনো অবনতি হচ্ছে। এতে করে বন্যা পরিস্থিতি ঘুরেফিরে এখনো অপরিবর্তিত রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।’