'বাড়িত আসি সেই খাবারও পায়ছি না'
‘আর চিন্তা করেন না, হামরা তো বাড়ি যায়ছি। আইতের বাদে আন্ধি নেওছো, বাড়ি যায়া এলা কুনঠে আন্ধিম। কত মানুষ হামাক দেখির আইসেছে, তোমরা আইসেন না কেনে?’ গতকাল শুক্রবার বিকেলে আশ্রয়কেন্দ্র ছাড়ার আগে মায়ের সঙ্গে মুঠোফোনে এভাবে কথাগুলো বলছিলেন জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশচন্দ্র পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা ওই ইউনিয়নের জেলেপাড়া গ্রামের গীতা রানী দাস (৩৫)।
এ সময় গীতা রানী দাসের স্বামী নিতাই চন্দ্র দাস জানান, তাঁরা জেলে পাড়া গ্রামের ৭২টি পরিবার ৭ দিন ধরে এই আশ্রয়কেন্দ্রে ছিল। একে একে সবাই ঘরে ফিরেছেন। শুক্রবার বিকেলে অবশিষ্ট পাঁচটি পরিবারের সঙ্গে তাঁরাও বাড়ি ফিরে যান।
আশ্রয়কেন্দ্রের সামনে কথা হয় ওই গ্রামের প্রমীলা রানী দাসের (৪০) সঙ্গে। তিনি বলেন, ‘সবাই ঘরে ফিরেছে, আজকে আমরা সন্ধ্যার আগে ঘরে ফিরব। কিন্তু ঘরদুয়ার, চাটি, বেড়া সব ভাঙি আছে, ঘরের ভেতর পোকামাকড় বাসা বানাইছে। গন্ধের জইন্য ঘরত ডুকায় যায়ছে না। তারপরও যাবার নাইকবে।’
পরে সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জেলে পাড়া গ্রামে গিয়ে দেখা গেল, অনেকে আশ্রয়কেন্দ্র ছেড়ে এসে ঘরদুয়ার মেরামতে নেমে পড়েছেন, আবার কেউ কেউ ফিরছেন।
গ্রামের বিজয় কুমার দাস (৩৫) বলেন, ‘ক্যাম্পত খাবার পাইছি, এখন বাড়িত আসি সেই খাবারও পায়ছি না। এখন ঘরদুয়ার ঠিক করমো, না ভাতের জোগাড় করমো বুঝির পাইছি না।’
খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ বলেন, ‘আমার ইউনিয়নে ১ হাজার ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’