'রাইতে পানির হুসানিতে ঘুম ছুইড্যা গ্যাছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় বালিয়া ডাঙ্গী গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: পান্না বালা
বড় বালিয়া ডাঙ্গী গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: পান্না বালা

বৃদ্ধা ছোটু খাতুন রাতে নিজের বাড়িতে একাই ঘুমিয়ে ছিলেন। মেয়ে মনোয়ারা খাতুন গেছেন নাতনির বাড়িতে বেড়াতে। রাতে আর ফেরেননি। গভীর রাতে হঠাৎ শব্দে ছোটু খাতুনের ঘুম ভেঙে যায়। উঠে দেখেন, বাড়ির পাশের ঘরটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে আসে তাঁর। বহু কষ্টে এলাকার মানুষদের সজাগ করে উদ্ধার করেন অল্প কিছু মালামাল।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বড় বালিয়া ডাঙ্গী গ্রামে গতকাল রোববার রাতের নদীভাঙনের বর্ণনা এভাবেই দেন বৃদ্ধা।

আজ সোমবার সকালে যখন ছোটু খাতুনের সঙ্গে কথা হচ্ছিল, রাতের বিভীষিকার ছাপ দেখা যায় তাঁর চোখেমুখে। ভয়ার্ত কণ্ঠে বলেন, ‘রাইতে পানির হুসানিতে ঘুম ছুইড্যা গ্যাছে, উইডা দেহি মনোয়ারার ঘরের কোনা ছুইটা গেছে।’

বড় বালিয়া ডাঙ্গী গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: পান্না বালা
বড় বালিয়া ডাঙ্গী গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: পান্না বালা

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাত থেকে সদর ইউনিয়নের বড় বালিয়া ডাঙ্গী গ্রামটি পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে। ওই গ্রামের প্রায় ৫০০ মিটার জায়গাজুড়ে এ ভাঙন শুরু হয়েছে। গত ৩৭ ঘণ্টায় ওই গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কিত এলাকাবাসী ভাঙনের মুখে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।

ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে ফাজিল খাঁ ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া পাশের বালিয়াডাঙ্গী, ফাজেল খাঁর ডাঙ্গী, এম কে ডাঙ্গী গ্রামের কয়েক শত পরিবার ভিটেবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

চরভদ্রাসন সদর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আজাদ খাঁ জানান, বসতভিটার সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে পারিবারিক স্মৃতি নিকটজনদের কবর ও গাছপালা। ইতিমধ্যে ২০০ গাছ নদীগর্ভে চলে গেছে।

ভাঙতে ভাঙতে বড় বালিয়া ডাঙ্গী গ্রামের জান খাঁর (৫০) বসতভিটা থেকে মাত্র ২০ মিটার দূরে চলে এসেছে নদী। আজ বেলা ১১টার দিকে ঘর সরাতে দেখা যায় তাঁকে। বললেন, ‘মাথা গোঁজার এই জায়গাটুকুও গাঙ্গে নিয়া যাইব। এ অবস্থায় কোথায় জাইয়্যা দারামু জানি না।’

বড় বালিয়া ডাঙ্গী গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: পান্না বালা
বড় বালিয়া ডাঙ্গী গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: পান্না বালা


গতকাল ভাঙন এলাকা পরিদর্শন করেছেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সগীর হোসেন। তিনি জানান, বিষয়টি ফরিদপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।