'সচেতনতাই পারে পরিবেশ রক্ষা করতে'
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল সকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নগরের ডিসি হিল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মকবুল হোসেন। এতে অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খলিলুর রহমান, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রমুখ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার খলিলুর রহমান বলেন, সচেতনতাই পারে পরিবেশ রক্ষা করতে। প্রতিদিন যেভাবে গাছ কাটা হচ্ছে, সেভাবে লাগানো হচ্ছে না।
এদিকে দিবসটি উপলক্ষে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে গতকাল সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে খুদে আঁকিয়েদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরিবেশ দিবসের মূল আয়োজন শুরু হয় গতকাল সকাল নয়টায় নগরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে।