ভবনের ছাদে উঠে নিজের গলায় ছুরি ধরছিলেন যুবক, হঠাৎ ‘উধাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারবার নিজের গলায় ছুরি ধরছিলেন ওই যুবক
ছবি: প্রথম আলো

হাফ শার্ট আর জিনসের প্যান্ট পরে তিনতলা ভবনের ছাদে ঘোরাঘুরি করছিলেন এক যুবক। হাতে ছুরি। সেই ছুরি বারবার নিজের গলায় ধরছিলেন। একপর্যায়ে হঠাৎ করেই তাঁকে আর দেখা যায়নি।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের পাশে ডেন্টাল ইউনিটের পরিত্যক্ত ভবনের ছাদে, আজ সোমবার বিকেল চারটার দিকে। অস্বাভাবিকভাবে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে কিছুক্ষণের মধ্যে ভবনের আশপাশে লোকজনের ভিড় জমে যায়।

সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদে ওই যুবক অস্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করছেন। এ সময় তিনি বারবার নিজের গলায় ছুরি ধরতে থাকেন। প্রায় ২০ মিনিট হাঁটাহাঁটির পর তাঁকে আর ছাদে দেখা যায়নি।

হাফ শার্ট আর জিনসের প্যান্ট পরে তিনতলা ভবনের ছাদে ঘোরাঘুরি করছিলেন ওই যুবক
ছবি: প্রথম আলো

ভবনের আশপাশে জড়ো হওয়া লোকজন জানান, ওই যুবক ভবনের পেছন দিক দিয়ে বা পাশের আমগাছ দিয়ে নিচে নেমে যেতে পারেন। তবে এমন কিছু তাঁদের চোখে পড়েনি।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই যুবকের নাম মো. সোহেল। তাঁর বাবা একসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করতেন। সোহেল নেশাগ্রস্ত হয়ে প্রায়ই মেডিকেলে ঘোরাঘুরি করেন। ছিনতাইয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের পাশে ডেন্টাল ইউনিটের পরিত্যক্ত ভবনের ছাদে ঘটেছে এ ঘটনা
ছবি: প্রথম আলো

এদিকে ওই যুবককে অস্বাভাবিক অবস্থায় ছাদে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছিল। তবে তাদের কোনো সদস্য যুবকটিকে উদ্ধার করতে আসেননি। ঘটনার বিষয়ে জানতে নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদারের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।