চট্টগ্রাম নগরের সরাইপাড়ায় পরিবার নিয়ে থাকেন মুক্তার হোসেন। দুই মাস ধরে পরিবারটি পানির কষ্টে আছে। তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসার পানি ঠিকমতো আসে না। দিনে এক থেকে দুবার পানি আসে। থাকে দুই থেকে তিন ঘণ্টা। এই পানি আবার লবণাক্ত। পানি থেকে আসে দুর্গন্ধ। এ কারণে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরাইপাড়া ছাড়াও নগরের ডিটি রোড ও হালিশহর এলাকার বাসিন্দারা ওয়াসার পানির কষ্টে থাকার কথা জানিয়েছেন। তাঁরা বলছেন, কখন পানি আসবে, সেই অপেক্ষায় তাঁদের দিনভর বসে থাকতে হয়। এমনও হয়েছে, রাতে দু-একবার পানি এসেছে। আবার যতটুকু পানি আসছে, তা–ও ব্যবহারের উপযোগী নয়।
মোহাম্মদ ইব্রাহিম ও শওকত ইসলাম নামের সরাইপাড়ার দুই বাসিন্দা প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকায় পানির কষ্ট লেগেই থাকে। অল্প সময়ের জন্য যে পানি আসে, তার চাপ থাকে খুবই কম। এক বালতি পানি ভর্তি হতে অনেক সময় লেগে যায়। সংকটের পাশাপাশি পানির ব্যবহার উপযোগিতার যে পরিস্থিতি (লবণাক্ত ও দুর্গন্ধ), তাতে তাঁদের চলা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
হালিশহর এলাকায় পানি সরবরাহ করা হয় চট্টগ্রাম ওয়াসার মড-১ থেকে। মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ পানির সংকটের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, মোহরা পানি শোধনাগার থেকে এসব এলাকায় পানি সরবরাহ করা হয়। পানি সংগ্রহ করা হয় হালদা নদী থেকে। নদীতে পানি কমে যাওয়ার কারণে সমস্যা দেখা দিয়েছে। আবার জোয়ারের মাধ্যমে লবণাক্ত পানিও নদীতে ঢুকে পড়ছে। লবণ বেশি হলে শোধনের জন্য পানি কম নেওয়া হয়। এ কারণে সংকট তৈরি হয়েছে। নদীতে পানি বাড়লে এই সংকটের সমাধান হয়ে যাবে। তবে পানিতে দুর্গন্ধ থাকার অভিযোগ পাননি বলে জানান তিনি।
নগরের লালখান বাজার, কাত্তলি, চান্দগাঁও, বাকলিয়াসহ আরও কিছু এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানির সংকটের অভিযোগ রয়েছে।
গত বছরের ৯ নভেম্বর পানি না পেয়ে ওয়াসায় গিয়ে কাঁদেন তাহেরা খাতুন নামের বিশ্বকলোনি ‘বি’ ব্লকের এক বাসিন্দা। এ নিয়ে ১০ নভেম্বর প্রথম আলো অনলাইনে ‘দুই মাস ধরে পানি না পেয়ে ওয়াসায় গিয়ে কাঁদলেন তাহেরা খাতুন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর টনক নড়ে ওয়াসা কর্তৃপক্ষের। এখন এই এলাকায় পানির সমস্যা কিছুটা সমাধান হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি। বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের দাবি, তাদের পানির দৈনিক উৎপাদন এখন ৪৫ থেকে ৫০ কোটি লিটারের মতো। আর চাহিদা ৪৫ কোটি লিটার।
কাগজে-কলমে চাহিদা ও উৎপাদন প্রায় সমান হলেও ‘সিস্টেম লসের’ কারণে চট্টগ্রাম ওয়াসা গ্রাহকদের দৈনিক সাড়ে ৩৩ কোটি লিটার পানি সরবরাহ দিতে পারে বলে জানা গেছে। ‘সিস্টেম লসের’ নামে প্রচুর পরিমাণ পানি চুরি হয়, যা কর্তৃপক্ষ স্বীকার করেছে। এতে চট্টগ্রাম ওয়াসার বছরে ক্ষতি ১৪৭ কোটি টাকা।
চট্টগ্রাম ওয়াসার নথি অনুযায়ী, শেখ হাসিনা পানি শোধনাগার–১ ও ২ থেকে দৈনিক আসে ১৪ কোটি করে মোট ২৮ কোটি লিটার পানি। শেখ রাসেল পানি শোধনাগার থেকে দৈনিক ৯ কোটি লিটার পানি আসে। মোহরা পানি শোধনাগার থেকে আসে ৯ কোটি লিটার। এ ছাড়া গভীর নলকূপ থেকে আসে ৪ কোটি লিটার পানি।
চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার ৪টি মডে প্রায় ৫০টি গভীর নলকূপ চালু রয়েছে। এর মধ্যে মড-১-এর অধীন ১০টি, মড-২-এ ৮টি, মড-৩-এ ২৫টি ও মড-৪-এ আছে ৮টি গভীর নলকূপ। কিন্তু লোডশেডিং ও ত্রুটির কারণে সব সময় নলকূপ থেকে ঠিকমতো পানি উত্তোলন করা যায় না। এ কারণে বিভিন্ন এলাকার গ্রাহকদের পানির সংকটের ভোগান্তিতে পড়তে হয়।