নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে
মানিকগঞ্জের হাজেরা বেগম সৌদি আরবে বছর দুয়েক গৃহকর্মীর কাজ করেছেন। বেতন পেতেন মাসে ৩৮ হাজার টাকা। মানিকগঞ্জে থাকা স্বামীর মস্তিষ্কে রক্তক্ষরণের খবরে গত এপ্রিলে পাকাপাকি দেশে ফিরে এসেছেন ৪৫ বছরের হাজেরা। শয্যাশায়ী স্বামী কাজ করতে পারেন না। শুরুর দিকে নিজেরও আয়-রোজগার তেমন ছিল না।
হাজেরার সংসারে অসুস্থ স্বামী ছাড়াও একমাত্র মেয়ে রয়েছে। নার্সিং ডিপ্লোমার শেষ বর্ষে পড়ছে মেয়ে। দেশে ফিরে হাজেরা ‘স্বাধীন ঋণ’ নিয়ে গরুর ঘর দিয়েছেন। গরুর জন্য বিমা করেছেন। পুকুরে মাছের চাষ করছেন। হাঁস-মুরগি পালছেন। বাড়ির উঠানে সবজি চাষ করছেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নওহাটা গ্রামে হাজেরার বাড়ি। গত ১৯ অক্টোবর ওই বাড়িতে বসে তাঁর সঙ্গে কথা হয়। কথায় কথায় বললেন, ‘বিদেশ থেকে আসনের পর কষ্ট যতটা হওনের কথা ছিল, ততটা হয় নাই।’
বেসরকারি সংগঠন ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচির সমন্বিত গ্রামভিত্তিক উদ্যোগ ‘এগ্রি মডার্ন ভিলেজ’ বা ‘আধুনিক কৃষি গ্রাম’-এর একজন অংশগ্রহণকারী হাজেরা। বিদেশে যাওয়ার আগে প্রায় ২০ বছর ব্র্যাকে সেবিকার কাজ করেছেন হাজেরা। এখন আবার শুরু করেছেন। গ্রামে যক্ষ্মা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ খাওয়ান তিনি।
হাজেরার ঘরে এখন তিনটি গরু। জানালেন, আগে গরুর এমন ঘর ছিল না। আধুনিক কৃষি গ্রাম কর্মসূচির ঋণ নিয়ে একটি গরু কিনেছেন। সিমেন্ট, বালু, ইট, টিনসহ নানা সহায়তা পেয়ে গরুর জন্য পাকা ঘর তুলেছেন। এখন সেখানে চাইলে ৭ থেকে ৮টি গরু পালতে পারবেন।
বললেন, বিমা করা থাকায় নতুন কেনা গরু এক বছরের মধ্যে অসুস্থ হলে বা মারা গেলে ক্ষতিপূরণ পাবেন। বাড়ির গরুর জন্য বিনা মূল্যে টিকাও পাচ্ছেন। বিদেশে দুই বছর কাজ করে হাজেরা গ্রামে বাড়ি করেছেন, আগের ঋণ শোধ করেছেন, মেয়ের পড়ার খরচ জুগিয়েছেন। এখন কৃষিকে স্বাবলম্বী হওয়ার উপায় হিসেবে বেছে নিয়েছেন।
বদলে যাচ্ছে পুরো গ্রাম
শুধু হাজেরা নন, আধুনিক কৃষি গ্রাম কর্মসূচির আওতায় নওহাটা গ্রামের অন্য কৃষক ও কৃষক পরিবারের সদস্যদের সঙ্গেও কথা হলো। কর্মসূচিতে কর্মরতরা জানালেন, নওহাটায় ২৫০টি পরিবারের প্রধান জীবিকা কৃষি। কিন্তু তাঁদের আয়ের মাত্র ৪৮ শতাংশ আসে কৃষি থেকে।
নওহাটার প্রায় প্রতি বাড়িতে এখন নতুন নতুন গল্প তৈরি হচ্ছে। জিআইএস প্রযুক্তিতে ফসলের চিত্র ডিজিটাল মানচিত্রে সংরক্ষণ করা হচ্ছে। কোথায় কী চাষ হচ্ছে, অনাবাদি জমি কতটুকু পড়ে আছে, মজা পুকুর কোথায়—সব তথ্য থাকছে কৃষকের নাগালে।
আরও জানালেন, এখানে রবি মৌসুমে মরিচ ও পেঁয়াজ ভালো হয়। কিন্তু বর্ষায় জলাবদ্ধতার কারণে বেশির ভাগ জমি অনাবাদি থাকে। বলতে গেলে বছরে তিন মাসের বেশি পুরো এলাকাটি পানিতে তলিয়ে থাকে।
পাশেই কল্পনা বেগমের বাড়ি। বাড়ির উঠানে বস্তায় আদা লাগিয়েছেন তিনি। পরিচর্যা করছিলেন। প্রায় ১৫ বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। দুই ছেলে আর এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন। কল্পনার বড় ছেলে সোহেল খানের বয়স ২৬ বছর। বাড়ির বিভিন্ন জায়গায় রাখা পাওয়ার টিলার, ভুসি ভাঙানো এবং পোকা মারা যন্ত্র দেখালেন সোহেল।
সোহেল ব্র্যাক থেকে ঋণ নিয়েছেন। একসময় ঢাকায় কাজ করতেন। বছর দুয়েক হলো গ্রামে ফিরে এসেছেন। এখন পাওয়ার টিলারসহ বিভিন্ন যন্ত্র নিজে ব্যবহার করছেন, ভাড়াও দিচ্ছেন। বললেন, একা এসব যন্ত্র কিনতে পারতেন না। ‘আধুনিক কৃষি গ্রাম’-এর সঙ্গে যুক্ত হওয়ায় ভর্তুকি মডেলে নানা সুবিধা পাচ্ছেন।
মানিকগঞ্জের নওহাটার পাশাপাশি পদ্দারপাড়া (কিছু অংশ), গাজীপুরের কাপাসিয়ার সোহাগপুর ও নরসিংদীর রায়পুরার লোচনপুরে চলছে আধুনিক কৃষি গ্রামের কার্যক্রম। গত বছরের নভেম্বরে শুরু হওয়া পাইলট কর্মসূচিটি চলবে তিন বছর।
মানিকগঞ্জে পাইলট প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, এখানকার তিনটি গ্রামে কৃষিতে উচ্চ উৎপাদন ব্যয়, অপরিকল্পিত রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহার, দুর্বল বালাই ব্যবস্থাপনা, মানসম্মত বীজের অভাব, সংরক্ষণ সুবিধার ঘাটতি ছিল। এসব কারণে বছর শেষে কৃষকের হাতে থাকত সামান্য আয়, কখনো শুধুই লোকসান। সাময়িক অর্থসহায়তা দিয়ে এসব সমস্যার সমাধান হবে না। তাই দীর্ঘমেয়াদি সমাধানের এ পথ বেছে নেওয়া হয়।
আধুনিক কৃষি গ্রাম প্রকল্পের বেসলাইন জরিপে উঠে আসাপ্রধান সমস্যাগুলোর মধ্যে ছিল—বীজ, সার, কীটনাশক ও সেচের উচ্চ খরচ। আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার, চাষাবাদে কম মুনাফা, তরুণদের কৃষিতে অনাগ্রহ, কৃষিজমির পরিমাণ ও আকার কমে আসা, ফসলের অস্থিতিশীল দর, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের সুবিধা না থাকা, সহজ শর্তে ঋণ না পাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাজারের সঙ্গে দুর্বল সংযোগ থাকার মতো বিষয়গুলো।
নতুন গল্পের সূচনা
নওহাটার প্রায় প্রতি বাড়িতে এখন নতুন নতুন গল্প তৈরি হচ্ছে। জিআইএস প্রযুক্তিতে ফসলের চিত্র ডিজিটাল মানচিত্রে সংরক্ষণ করা হচ্ছে। কোথায় কী চাষ হচ্ছে, অনাবাদি জমি কতটুকু পড়ে আছে, মজা পুকুর কোথায়—সব তথ্য থাকছে কৃষকের নাগালে।
বিদেশ থেকে আসনের পর কষ্ট যতটা হওনের কথা ছিল, ততটা হয় নাই।হাজেরা বেগম, মানিকগঞ্জের নওহাটার বাসিন্দা।
স্মার্ট সয়েল ডিভাইসের মাধ্যমে নিয়মিত মাটি পরীক্ষা করা হচ্ছে। মুড়ি তৈরি, ভুট্টা মাড়াই, পেঁয়াজ কাটার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রকৃষিতে ব্যবহার করছেন সুবিধাভোগীরা। ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো হচ্ছে। সোলার লাইট ট্র্যাপের মাধ্যমে স্বল্প খরচে পরিবেশবান্ধব উপায়ে পোকা দমন করছেন তাঁরা।
একাধিক কৃষক বললেন, আধুনিক চাষ পদ্ধতিতে পেঁয়াজের বিঘাপ্রতি ফলন বেড়েছে। ঘরে পেঁয়াজ সংরক্ষণ করলে তা ভালো থাকত মাত্র কয়েক মাস। পড়ে পানির দামে বিক্রি করে দিতে হতো। বর্তমানে ‘এয়ার ব্লো মেশিন’সহ আধুনিক সংরক্ষণাগারে পেঁয়াজ প্রায় ৯ মাস ভালো থাকছে। খড়, সবুজ ঘাস আর ভুট্টাগাছ কেটে সংরক্ষণযোগ্য করার কাজে ব্যবহৃত ‘সাইলেজ মেশিন’ ব্যবহার করছেন কৃষকেরা।
পুকুরে চাষ করা তেলাপিয়া মাছের পরিচর্যা করছিলেন নীরব হোসেন। পুকুরে বসানো হয়েছে ‘ভেনচুরি এয়ারেটর’। ‘আধুনিক কৃষি গ্রাম’-এ কর্মরত ব্যক্তিরা পানি পরীক্ষা করে পিএইচ (জলীয় দ্রবণ কতটা অম্লীয় বা মৌলিক তা যাচাই করা), অ্যামোনিয়া ও অক্সিজেন মেপে দেন। নীরব বলেন, এখন আর অনুমান করে মাছের যত্ন নিতে হয় না। সব তথ্য হাতে থাকে।
মো. সাগর নামের একজন আট লাখ টাকা দামের ‘পঙ্খীরাজ’ নিয়ে হাজির হলেন। এটি পরিবেশবান্ধব সোলার সেচপাম্প। সৌরশক্তিতে চলে। নিজের কৃষিজমিতে এ যন্ত্র ব্যবহার করেন। অন্যদেরও দেন।
সাগর আগে ঢাকায় একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে বিপণনের কাজ করতেন। মা মারা গেছেন আগেই। বাবা, স্ত্রী আর ছোট ভাইকে নিয়ে এখন গ্রামে ভালো আছেন বলে জানালেন। বললেন, ‘ঢাকায় যে বেতন পেতেন, সবটাই খরচ হয়ে যেত। এখন বেশ ভালো আছি।’
আট লাখের পঙ্খীরাজ পেতে একটা টাকাও খরচ করতে হয়নি সাগরকে। তিনি বললেন, এটা ব্যবহারে কোনো টাকা দিতে হবে না। আধুনিক কৃষি গ্রামের কর্মকর্তারা এটা দিয়েছেন। তবে বলে দিয়েছেন, এটা কাজে লাগাতে না পারলে ফেরত নিয়ে নেবেন। অন্য কাউকে দেবেন।
এ গ্রামে আলমগীর হোসেনের মতো কেউ কেউ বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন করছেন। কেউ অ্যাকুয়ারিয়ামের রঙিন মাছ চাষ করছেন। প্রায় সব কৃষকের খেতে আর বাড়িতে পোকা মারার জন্য হলুদ আঠালো ফাঁদ, ফেরোমন ফাঁদ বসানো হয়েছে। জৈব সার ও সমন্বিত বালাই ব্যবস্থাপনায় রাসায়নিক কীটনাশকের ব্যবহার আর খরচ—দুটোই কমে গেছে বলে জানালেন কৃষকেরা।
কৃষকেরা আগাছা পরিষ্কার, সেচ এবং খরচ কম ও বেশি লাভের ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদের সঙ্গে পরিচিত হচ্ছেন। ভাসমান সবজি চাষ, পুকুরভিত্তিক সমন্বিত খামার, গৃহস্থালি ও কৃষি বর্জ্য রিসাইক্লিং, পোকা দমনের পাশাপাশি উপকারী পোকা সংরক্ষণসহ আধুনিক কৃষির সঙ্গে ধাপে ধাপে যুক্ত করা হচ্ছে কৃষকদের।
সোহেল ব্র্যাক থেকে ঋণ নিয়েছেন। একসময় ঢাকায় কাজ করতেন। বছর দুয়েক হলো গ্রামে ফিরে এসেছেন। এখন পাওয়ার টিলারসহ বিভিন্ন যন্ত্র নিজে ব্যবহার করছেন, ভাড়াও দিচ্ছেন। বললেন, একা এসব যন্ত্র কিনতে পারতেন না। ‘আধুনিক কৃষি গ্রাম’-এর সঙ্গে যুক্ত হওয়ায় ভর্তুকি মডেলে নানা সুবিধা পাচ্ছেন।
ঘুরে দেখা গেল, গ্রামের সড়কের দুই পাশে সারি সারি গাছ লাগানো হয়েছে। স্বাস্থ্য ক্যাম্প, প্রকল্পের শাখা অফিসের কর্নার থেকে ন্যায্য মূল্যে বীজ কেনার সুযোগ, অ্যাডাপটেশন ক্লিনিক বা শাখা অফিস থেকে আবহাওয়ার পূর্বাভাস গ্রামবাসীকে জানানো হচ্ছে।
পরিকল্পনা ৫ হাজার গ্রামে
মানিকগঞ্জের ‘আধুনিক কৃষি গ্রাম’-এ কৃষি কর্মকর্তার দায়িত্বে আছেন তাসলিমুন হাসান। তাঁকে দেখলেই কৃষকেরা এগিয়ে আসছেন। নানা বিষয়ে জানতে চাইছেন। তিনিও সাধ্যমতো পরামর্শ দিচ্ছেন।
পাইলট প্রকল্পের তিনটি গ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় ৫ হাজার গ্রামে ‘আধুনিক কৃষি গ্রাম’-এর এ মডেল সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।তাসলিমুন হাসান, কৃষি কর্মকর্তা, ‘আধুনিক কৃষি গ্রাম’ কর্মসূচি
তাসলিমুন হাসান প্রথম আলোকে বলেন, বাড়ির পাশে অবহেলায় পড়ে থাকা ছোট পুকুর, ডোবা কিংবা পতিত জমিকে কাজে লাগানো হচ্ছে। পঙ্খীরাজের মতো নতুন নতুন যন্ত্রের সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। গ্রামের মাটি ও পানি পরীক্ষা করা হচ্ছে। জৈব সারের ব্যবহার বাড়িয়ে রাসায়নিকের ব্যবহার কমানো হচ্ছে এ কর্মসূচির আওতায়।
এ কর্মসূচির সঙ্গে যুক্তদের ব্র্যাকের ঋণ নিতেই হবে এমন কোনো শর্ত দেওয়া নেই বলেও জানান তাসলিমুন হাসান। তিনি বলেন, শুরুতে কৃষকেরা যুক্ত হতে কিছুটা দ্বিধায় ছিলেন। এখন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে।
পাইলট প্রকল্পের তিনটি গ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় ৫ হাজার গ্রামে ‘আধুনিক কৃষি গ্রাম’-এর এ মডেল সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তাসলিমুন হাসান।