সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

১

নোয়াখালীতে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

নোয়াখালীতে পাঁচ বছর আগে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণের মামলায় রায় ঘোষণা উপলক্ষে আসামিদের কারাগার থেকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে
ছবি: প্রথম আলো

পাঁচ বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণের দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। বিস্তারিত পড়ুন...

২

সশস্ত্র বাহিনী ও বিজিবিকে ধৈর্য ধারণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে আজ সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। বিস্তারিত পড়ুন...

৩

পানি নামতেই ভেসে উঠল বনের ক্ষত

কৃত্রিম হ্রদের বাঁধ কেটে দেওয়ার পর পানি নেমে যাওয়ায় বনের ক্ষতচিহ্ন স্পষ্ট। হ্রদের দুই পাশে ডালপালাসহ মরা গাছ ও কাটা পাহাড়ের অংশ। গতকাল দুপুরে লোহাগাড়ার জঙ্গল বড়হাতিয়া ও সাতকানিয়ার সোনাকানিয়া সীমান্তবর্তী এলাকায়
ছবি: কাইছার হামিদ

চট্টগ্রামে বন ডুবিয়ে তৈরি করা প্রভাবশালীদের সে হ্রদ আর নেই। বাঁধ কেটে দেওয়ায় হ্রদের পানি নেমে গেছে। তবে পানি নামতেই স্পষ্ট হয়েছে বনের ক্ষতি। কৃত্রিম হ্রদে ডুবে থাকা সব গাছপালা মরে গেছে। সবুজ ঘন বন আর নেই। দীর্ঘদিন পানি জমে থাকায় একের পর এক পাহাড়ও ধসে পড়েছে। বিস্তারিত পড়ুন...

৪

ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের ৪০০ চাকমা

ফসলি জমির পরের পাহাড়টি মিয়ানমারের রাখাইন রাজ্যে পড়েছে। যেখানে চলছে তুমুল লড়াই। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে
ছবি: প্রথম আলো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে চলমান সংঘর্ষের সময় বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন দেশটির চাকমা সম্প্রদায়ের প্রায় ৪০০ জন। পাশাপাশি কিছুসংখ্যক রোহিঙ্গাও সীমান্তে জড়ো হচ্ছেন। তথ্যটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান। বিস্তারিত পড়ুন...

৫

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
ছবি: সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এ পরীক্ষা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী মনে করেন, পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর একধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। বিস্তারিত পড়ুন...