খুলনায় গণপরিবহন বন্ধ কেন, জানেন না বিআরটিএ চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুর মোহাম্মদ মজুমদার
ছবি: সংগৃহীত

বিএনপির সমাবেশের আগে খুলনায় গণপরিবহন চলাচল কেন বন্ধ, সে বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কিছু জানে না। তবে এ ধরনের বিষয় তাদের নজরে এলে তারা ব্যবস্থা নেয় বলে জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএর চেয়ারম্যান বলেছেন, ‘বাসমালিকেরা কেন খুলনার বাস বন্ধ রেখেছেন, সে বিষয়ে তাঁরা আমাদের “অফিশিয়ালি” কিছু জানাননি। কোনো দাবিদাওয়াও উপস্থাপন করা হয়নি। আমরা এ ব্যাপারে জানি না। পরিবহনমালিকেরা আমাদের বলে ধর্মঘট করেন না। তবে এ ধরনের কোনো বিষয় যখন আমাদের নজরে আসে, আমরা ব্যবস্থা নিই।’

আরও পড়ুন

আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে জাতীয় সড়ক দিবস–২০২২ উপলক্ষে সরকারের নেওয়া কর্মসূচির বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’।

খুলনায় শুরু হয়েছে দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’। এতে দূরের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আজ শুক্রবার সকালে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে
ছবি: সাদ্দাম হোসেন

সড়ক আইনের প্রয়োগের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সবাইকে আইন মেনে চলতে হবে। কারণ, আমাদের জনবলের তুলনায় এনফোর্সমেন্টে লোকবল অনেক কম। আমরা যদি সবাই আইন মেনে চলি, তাহলে আইন কার্যকর করার প্রয়োজন হয় না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাইলেও অনেক কিছু করতে পারে না। মাত্র পাঁচ থেকে সাতজন ম্যাজিস্ট্রেট দিয়ে ঢাকা শহরের সড়ক আইন ও নিয়মের বাস্তবায়ন তদারক করা হয়।

যশোরে আসার পর নামিয়ে দেওয়া হচ্ছে খুলনাগামী যাত্রীদের। আজ শুক্রবার দুপুরে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে
ছবি: প্রথম আলো

নুর মোহাম্মদ মজুমদার বলেন, যারা সড়কে আইন মানছে না, তাদের জন্য বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। সারা দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালাচ্ছেন। হাইওয়ে ও মেট্রোপলিটন পুলিশও আইনি ব্যবস্থা নিচ্ছে। সুতরাং আইন কার্যকর হচ্ছে। সবাই সচেতন হলে আইন আরও বেশি কার্যকর হবে।

জনসাধারণকে সড়কের বিষয়ে সচেতন করতে আগামীকাল ২২ অক্টোবর ‘নিরাপদ সড়ক দিবস–২০২২’ উপলক্ষে বিআরটিএ আটটি কর্মসূচি হাতে নিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছে। ২০১৭ সাল থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।