জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিনতাই, ভর্তি জালিয়াতিতেও এসেছে ছাত্রলীগের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে ছিনতাই, ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছাত্রীকে লাঞ্ছনা, সংবাদকর্মী ও শিক্ষার্থীদের মারধর, চাঁদা দাবি, ধর্ষণের হুমকি ও ভর্তি জালিয়াতির অভিযোগ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন ও প্রক্টরের কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, ২০১৭ সাল থেকে গত পাঁচ বছরে বিভিন্ন অপরাধে ছাত্রলীগের ৪০ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ছিনতাইয়ের ঘটনায় ১৮ জন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ২ জন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় ১১ জন, মারধর ও অন্যান্য ঘটনায় ৯ জনকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগের শীর্ষে রয়েছে ছিনতাইয়ের ঘটনা। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ২০১৯ সালের ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর জামাতাকে মারধর, ছিনতাই ও তুলে নিয়ে মুক্তিপণ দাবি করার অভিযোগে ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তাঁদের মধ্যে রায়হান পাটোয়ারী, আল-রাজী সরকার, শাহ মুশতাক ও মোকাররম শিবলু দুই বছর এবং সঞ্জয় ঘোষকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। শাহ মুশতাক আহমেদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি এবং আল-রাজী সরকার উপ-ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক।

২০১৮ সালের সেপ্টেম্বরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত ও এক সংবাদকর্মীকে মারধরের অভিযোগে ছাত্রলীগের পাঁচজনকে সাময়িক বহিষ্কার করা হয়। একই বছরের নভেম্বরে এক শিক্ষার্থী ও তাঁর বান্ধবীর কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় মারধর ও ধর্ষণের হুমকি দিয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রলীগের তিনজনকে আজীবন এবং দুজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

একই বছরের জুনে বহিরাগত এক ব্যক্তি ও তাঁর বান্ধবীর মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়। ২০১৭ সালের ১৮ ডিসেম্বর ভর্তি জালিয়াতির চেষ্টার অভিযোগে আ ফ ম কামালউদ্দিন হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এস এম শরীফ আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী মো. নাজমুল হুদাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বছরের ৬ আগস্ট মওলানা ভাসানী হল ছাত্রলীগের এক কর্মীকে মারধরের ঘটনায় মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের সাত কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তাঁরা হলেন সাব্বির হোসেন, তোফায়েল আহমেদ, কামরুল হোসেন চৌধুরী, মো. সৌরভ, খালিদ হাসান, খালিদ সাইফুল্লাহ ও শাহরিয়ার হিমেল। বহিষ্কৃত সবাই জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন
আরও পড়ুন

গত বছরের ২ আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথিকক্ষে এক সাংবাদিককে নির্যাতনের দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই হলের ছাত্রলীগের ১১ কর্মীকে বহিষ্কার করে। তাঁদের মধ্যে মাসুম বিল্লাহ এবারের কমিটির সহসম্পাদক হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সাধারণ শিক্ষার্থীর অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। চাঞ্চল্যকর কয়েকটি ঘটনায় ব্যবস্থা নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয় না।

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তুচ্ছ কোনো ঘটনায়ও যদি সংগঠনের কারও সম্পৃক্ততার প্রমাণ পাই, তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’

একই দাবি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানেরও। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরাধীর ক্ষেত্রে কখনোই তার রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেয় না।’

তবে বাস্তবতা ভিন্ন। ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাজধানীর একটি ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। তাঁদের মধ্যে হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সৈয়দ লায়েব আলী সহসভাপতি।

এ ছাড়া চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ ওঠে মওলানা ভাসানী হল ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে বর্তমান কমিটির সহসভাপতি হয়েছেন সাজ্জাদুল ইসলাম ও এহসানুল হক, আর সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ফারসাদ হোসেন ও মেহেদী জয়।

এভাবে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়মিতভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পেছনে প্রধানত তিনটি কারণকে দায়ী করেছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এখন নির্দিষ্ট একটি দলের ছাত্রসংগঠনের ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে পরিণত হয়েছে।

এখানে তাদের শক্ত কোনো প্রতিপক্ষ নেই। এতে খুব সহজেই তারা নিজেদের পেটোয়া বাহিনী তৈরি করতে পারছে। প্রশাসনিকভাবেও অন্যায়কারীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া হয় না। এতে তারা নিয়মিত নানা অপরাধে জড়িয়ে পড়ছে।