অধ্যাপক তানজীমের নিরাপত্তার নিশ্চয়তা চাই

অধ্যাপক তানজীমের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন। ৫ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ সোমবার এক বিবৃতিতে ৫৩ জন শিক্ষক বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এহসান ধ্রুবর আত্মহত্যার চেষ্টা ও শিক্ষক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে এ জন্য সম্ভাব্য দায়ী করে ঘটনাক্রম কয়েক দিন পর্যবেক্ষণ করেছি। আমরা অধ্যাপক তানজীমের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বোধ করছি। পুরো বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীরবতাও পর্যবেক্ষণে ধরা পড়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি শিক্ষার্থী ধ্রুব স্বপ্রণোদিতভাবে মোহাম্মদ তানজীমউদ্দিন খানের কাছে গিয়ে এক ছাত্রীর বিরুদ্ধে চারিত্রিক কলঙ্কারোপণ করার চেষ্টা করেন। মোহাম্মদ তানজীমউদ্দিন খান তাঁর কাছে সে–সংক্রান্ত প্রমাণ চান। এহসান ধ্রুব যথাযথ প্রমাণ হাজির না করে অন্য সহপাঠীদের সাক্ষী মানেন। পরে ২ মার্চ মোহাম্মদ তানজীমউদ্দিন খান ক্লাসে এহসান ধ্রুবকে দাঁড় করিয়ে সহপাঠীদের নাম জানাতে বলেন। ধ্রুব নাম জানাতে রাজি না হলে তানজীম তাঁকে এ ধরনের গুজব ছড়ানো বন্ধ করতে ও সহপাঠীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে বারণ করেন। ক্লাস থেকে বের হয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করলেও ক্লাসের সামনে তাঁকে “অপমান” করার জন্য মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে অভিযুক্ত করেন। তিনি হুমকি দেন যে যদি তিনি আত্মহননের পথ বেছে নেন, তার জন্য অধ্যাপক তানজীমই দায়ী থাকবেন। এরপর তানজীমউদ্দিন তাঁকে নানাভাবে বোঝান যেন তিনি ও রকম কিছু না করেন। এরপরও এহসান ধ্রুব ফেসবুক স্ট্যাটাসে সুইসাইড নোট লেখেন এবং আত্মহননের সিদ্ধান্তের পেছনে অধ্যাপক তানজীমকেই দায়ী করেন। তিনি উল্লেখ করেন যে ছাত্রসংগঠন ছাত্রলীগের সদস্য হওয়ার কারণেই নাকি অধ্যাপক তানজীম তাঁর বিরুদ্ধে বিরূপ হয়েছেন। কয়েক ঘণ্টা পরে, অনেক খোঁজাখুঁজি করে তাঁকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। স্বস্তির বিষয়, তিনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, ‘এ ঘটনার পর ইতিমধ্যে এহসান ধ্রুবর ফেসবুকের বক্তব্যের কারণে ক্যাম্পাসে বিভ্রান্তি ছড়ায়, ছাত্রলীগের কিছু সদস্য মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে ধ্রুবর পরিস্থিতির জন্য শিক্ষক তানজীমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। গণমাধ্যমে দেওয়া কোনো কোনো ছাত্রলীগ নেতার বক্তব্য ও সামাজিক মাধ্যমে কারও কারও পোস্টের মধ্য দিয়ে অধ্যাপক তানজীমের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও হুমকি ছড়িয়ে পড়ে। আমরা মনে করি, পুরো ঘটনায় অধ্যাপক তানজীমের যে ভূমিকা, তা যথাযথ ছিল এবং একজন সচেতন শিক্ষকের দায়িত্বই তিনি পালন করেছেন। একজন নারী শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানি বন্ধ করতে একজন সচেতন শিক্ষকের যা করা প্রয়োজন, তিনি ঠিক সে কাজই করেছেন। গণমাধ্যমে প্রকাশিত ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিবৃতিতে ও বর্ণনায়ও অধ্যাপক তানজীমের ভূমিকাটি সঠিক ছিল বলেই প্রতিভাত হয়েছে। অধ্যাপক তানজীমের বক্তব্যে আমরা জেনেছি, ধ্রুবর ছাত্রলীগ–সংশ্লিষ্টতা বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না। বরং ধ্রুবই তাঁর এই পরিচয়কে তাঁর ই–মেইলে সামনে আনেন এবং ঘটনাটিতে তাঁর রাঙানো রাজনৈতিক পরিচয়ের জের ধরেই ছাত্রলীগের সদস্যরা অধ্যাপক তানজীমের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেয়। এখন প্রশ্ন হলো, একজন শিক্ষার্থী কেন তাঁর শিক্ষককে জড়িয়ে এমন একটি ভয়ংকর ঘটনা ঘটালেন? জানা গেছে, এহসান ধ্রুব যাঁর বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছিলেন, সেই মেয়েটির কাছে অতীতে প্রেম প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন এবং তিনি এই ঘটনার পূর্বে মেয়েটির বিরুদ্ধে আন্তব্যক্তিক পর্যায়ে ও সামাজিক মাধ্যমে কুৎসা ছড়িয়েছেন, যাকে পরিকল্পিত বাচিক নিপীড়ন হিসেবে দেখতে হবে। শিক্ষার্থীদের এ ধরনের সমস্যা নিরসনে শিক্ষকদের ন্যায়ের পক্ষেই অবস্থান নিতে হয়। অধ্যাপক তানজীমউদ্দিন খান সবার সামনে অভিযোগের সত্যতা যাচাইয়ে উদ্যোগ নিয়ে ঠিক কাজটিই করেছেন। এ চেষ্টাকে কোনোভাবেই “র‍্যাগিং” বলা চলে না; বরং বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ মেনে শিক্ষকের এটাই যথোপযুক্ত আচরণ!’

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বিবৃতিতে বলছে, ‘আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা প্রথমত, নারী শিক্ষার্থীর ওপর ধ্রুবর বাচিক ও মানসিক নিপীড়নের শাস্তি দাবি করছি। দ্বিতীয়ত, এই ঘটনায় অধ্যাপক তানজীমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। তৃতীয়ত, আত্মহত্যার চেষ্টা করা শিক্ষার্থীর মানসিক পরিস্থিতি বিবেচনা করে তাঁর মানসিক স্বাস্থ্যসেবার উদ্যোগ নেওয়ার জন্যও বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আশা করছে, ‘প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ঘটে যাওয়া এ অনাকাঙ্ক্ষিত ঘটনা সংবেদনশীলতার সঙ্গে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, তারা শিগগিরই মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং নারী শিক্ষার্থীর আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার করবে।’

গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিতমূলক একটি পোস্ট দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক এস এম এহসান উল্লাহ ওরফে ধ্রুব। পোস্টে তিনি অধ্যাপক তানজীমের বিরুদ্ধে তাঁর সঙ্গে অন্যায় করা ও অপমানজনক আচরণের অভিযোগ তোলেন। এই স্ট্যাটাসের পর এহসান নিখোঁজ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসানের অনুসারী একদল নেতা-কর্মী এই ‘অপমানের’ জন্য শিক্ষকের বিচার চেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে ঘণ্টা দুয়েক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান করেন। পরে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের পুকুরপাড় থেকে অচেতন অবস্থায় এহসান উদ্ধার হন। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা এই ছাত্রলীগ নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সুস্থ আছেন। তাঁকে উদ্ধার করার সময়ের ছবি পোস্ট করে ওই দিন রাতেই ছাত্রলীগের নেতা তানভীর হাসান ফেসবুকে লিখেছিলেন, ‘আমার ভাইয়ের কিছু হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগেরও রক্তের মূল্য আছে। প্রয়োজনে রক্ত দিয়ে রক্তের মূল্য আদায় হবে। জয় বাংলা।’

আরও পড়ুন