কাল বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ-সমাবেশ করে গণতন্ত্র মঞ্চছবি: শুভ্র কান্তি দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে কাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ থেকে গণতন্ত্র মঞ্চের নেতা এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এ ঘোষণা দেন।

সরকার পতনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে হামলা, আক্রমণ ও গ্রেপ্তারের বিরুদ্ধে গণসংগ্রাম জোরদার করতে পুরানা পল্টন মোড়ে আজকের সমাবেশটি করে গণতন্ত্র মঞ্চ।

সমাবেশে সভাপতির বক্তব্যে হাসনাত কাইয়ুম বলেন, দেশ এক দফা আন্দোলনে ঢুকেছে। আগামীর দেশ গড়ার জন্য এই এক দফা দাবি গড়ে উঠেছে। এই স্বৈরাচারী-ফ্যাসিবাদ সরকারকে যেতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে, না হলে অপসারিত করা হবে। এই সরকারের অবৈধ সংসদ বাতিল করতে হবে। বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা করা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ছয় শতাধিক মানুষের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা করেছে। অথচ পুলিশের সামনে যারা সশস্ত্র মহড়া দিয়েছে, হামলা আক্রমণ করেছে, পুলিশ তাদের কজনকে গ্রেপ্তার করেছে? পুলিশের নাকের ডগায়, চোখের সামনে হামলা চালাচ্ছে, কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বলেন,  জীবন দিয়ে হলেও দমন–পীড়ন উপেক্ষা করে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। মানুষ খুন করে আন্দোলন বন্ধ করা যাবে না।

আরও পড়ুন

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য মানুষ এখন লড়াই–সংগ্রাম করছে। ২৯ তারিখ সব বিরোধী রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচিতে পুলিশ নেতাদের আটক করেছে। তারা নতুন করে মামলার নাটক করার কাজে ব্যস্ত।

গণসংহতি আন্দোলনের প্রধান নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বলেন, ‘তারা আমাদের মেরে রক্তাক্ত করছে। তারপর খাইয়ে ভিডিও করে ভাইরাল করছে।আপনাদের রুচি হিরো আলমের চাইতে আরও খারাপ। আপনারা হিরো আলমের রুচি নিয়ে আলোচনা করেন। নিজেরা হামলা করে বিরোধী দলের ওপর মামলা করেছেন। কিন্তু আপনাদের স্ক্রিপ্ট অনেক দুর্বল। বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে আর পার পাবেন না।’

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিল পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে আবার পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।