আয়রনম্যান মালয়েশিয়ায় একসঙ্গে ৮ বাংলাদেশি

আয়রনম্যান মালয়েশিয়ায় অংশ নিচ্ছেন আট বাংলাদেশি। (বাঁ থেকে) মাসুদ রানা, মিশু বিশ্বাস, সামছুজ্জামান আরাফাত, ইমতিয়াজ এলাহী, দ্রাবিড় আলম, সাকলায়েন রাসেল, সুলতান মাহমুদ ও আরিফুর রহমান। আজ শুক্রবার দুপুরে মালয়েশিয়ার লাংকাউইতেছবি: সামছুজ্জামান আরাফাতের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠিনতম ট্রায়াথলন আয়রনম্যানের দুই ফরম্যাটের প্রতিযোগিতা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার লাংকাউইতে। এবারের এই আয়োজনে বাংলাদেশের আটজন ট্রায়াথলেট একসঙ্গে অংশ নিচ্ছেন।

লাংকাউইর স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হবে পূর্ণ দূরত্বের আয়রনম্যান মালয়েশিয়া ২০২৩ ও অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০.৩ মায়লেশিয়া প্রতিযোগিতা।

পূর্ণ দূরত্বের আয়রনম্যান মালয়েশিয়ায় অংশ নিচ্ছেন বাংলাদেশের মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, দ্রাবিড় আলম, মিশু বিশ্বাস, আরিফুর রহমান ও ইমতিয়াজ এলাহী অংশ নেবেন। আর আয়রনম্যান ৭০.৩ আয়োজনে অংশ নেবেন সাকলায়েন রাসেল, সুলতান মাহমুদ ও মাসুদ রানা। এই আট প্রতিযোগীর সবাই এখন মালয়েশিয়ার লাংকাউইতে অবস্থান করছেন।

আরও পড়ুন

সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে যে খেলা সেটির নাম ট্রায়াথলন। ট্রায়াথলন যাঁরা করেন, তাঁদের বলা হয় ট্রায়াথলেট। এক দিনের ট্রায়াথলনের কঠিন প্রতিযোগিতা হলো আয়রনম্যান। পূর্ণ দূরত্বের আয়রনম্যানে ১৭ ঘণ্টা সময়ের মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার দূরত্বের দৌড় সম্পন্ন করতে হয় ক্রীড়াবিদদের। আগামীকালের আয়রনম্যান মালয়েশিয়াতেও এই দূরত্ব অতিক্রম করতে হবে প্রতিযোগীদের।

আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় সাঁতার, সাইক্লিং ও দৌড়ে আয়রম্যানের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে হয়। আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বিভিন্ন দেশে বছরজুড়ে এই আয়োজন করে থাকে।

মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত

আয়রনম্যান মালয়েশিয়ায় ওরা ৫ জন

আয়রনম্যান মালয়েশিয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত সবচেয়ে অভিজ্ঞ। দুই ফরম্যাট মিলিয়ে এটি তাঁর ১১তম আয়রনম্যান প্রতিযোগিতা। গত মাসে ফ্রান্সে তিনি দ্বিতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেন। গত আগস্টে ফিনল্যান্ডে দ্বিতীয়বারের মতো আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপও সম্পন্ন করেন। সপ্তাহ দুই আগে আরাফাত জার্মানিতে অনুষ্ঠিত বার্লিন ম্যারাথন সম্পন্ন করেছেন।

আজ শুক্রবার বিকেলে লাংকাউই থেকে মুঠোফোনে আরাফাত প্রথম আলোকে বলেন, ‘প্রস্তুতি ভালোই হয়েছে। এবার আমার লক্ষ্য ১০ ঘণ্টা সময়ের মধ্যে আয়রনম্যানের চ্যালেঞ্জ সম্পন্ন করা।’ পেশাগত জীবনে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক। তিনি আয়রনম্যান মালয়েশিয়ায় ৩০-৩৪ বছরের বয়স গ্রুপে অংশ নিচ্ছেন।

ইমতিয়াজ এলাহী

মালয়েশিয়ার এই আয়োজনে বাংলাদেশের যে ট্রায়াথলেটরা অংশ নিচ্ছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বয়স্ক গ্রুপে আছেন ইমতিয়াজ এলাহী। তিনি ৪৫-৪৯ বছর বয়সী গ্রুপের প্রতিযোগী। হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা রেঞ্জে গত মে মাসে তিনি ‘হিমালয়ান এক্স-ট্রাই ২০২৩’-এ অংশ নেন। ২০১৮ ও ২০২২ সালে পূর্ণ দূরত্বের দুটি আয়রনম্যান সম্পন্ন করেছেন ইমতিয়াজ এলাহী। ২০১৯ সালে আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন। সফটওয়্যার উদ্যোক্তা ৪৮ বছর বয়সী এই ক্রীড়াবিদ সাঁতার কেটে বাংলা চ্যানেলও পাড়ি দিয়েছেন।

দ্রাবিড় আলম
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আয়রনম্যানের আসরে অংশ নিচ্ছেন সাইক্লিস্ট দ্রাবিড় আলম। তিনি গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। বাংলাদেশের সাইক্লিস্টদের সংগঠন বিডিসাইক্লিস্টের রেসিং দল টিমবিডিসির নেতৃত্ব দেন তিনি। ২০২১ সালে ৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন দ্রাবিড় আলম।

দ্রাবিড় আজ প্রথম আলোকেবলেন, ‘আমিসহ চারজন পূর্বাচল এলাকায় টানা ৪৮ ঘণ্টা সাইক্লিং করে এই গিনেস রেকর্ড করতে পেরেছিলাম। সাইক্লিংয়ের পাশাপাশি নিয়মিত দৌড় ও সাঁতার অনুশীলন করি। আয়রনম্যান প্রতিযোগিতায় এবারই প্রথম অংশ নিচ্ছি।’ এক্স নামের একটি বিজ্ঞাপনী সংস্থা ও ভি-২ নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের উদ্যোক্তা দ্রাবিড় আলম। আয়রনম্যানে তিনি ৩৫-৩৯ বয়স গ্রুপে অংশ নেবেন।

আরও পড়ুন
মিশু বিশ্বাস
ছবি: সংগৃহীত

গত মাসে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩ সম্পন্ন করা ট্রায়াথলেট মিশু বিশ্বাসের এটি পঞ্চম আয়রনম্যান প্রতিযোগিতা। গত মে মাসে তিনি ব্রাজিল আয়রনম্যান সম্পন্ন করেন। ২০২২ সালে অংশ নিয়েছিলেন আয়রনম্যান মালয়েশিয়ায়। আর ২০২১ সালে তুরস্কে আয়রনম্যান ৭০.৩ আসরে অংশ নেন মিশু বিশ্বাস। বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন ২০২০ সালে। পেশাগত জীবনে মিশু বিশ্বাস ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি)  হিসেবে কর্মরত। মিশু অংশ নিচ্ছেন ৩০ থেকে ৩৪ বছর বয়স গ্রুপে।

আরিফুর রহমান
ছবি: সংগৃহীত

আরিফুর রহমান গত মাসে ফ্রান্সে অনুষ্ঠিত আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩ সম্পন্ন করেছেন । ৩৫ থেকে ৩৯ বছর বয়সীদের গ্রুপে তিনি এবার আয়রনম্যান মালয়েশিয়াতে অংশগ্রহণ করছেন। গত বছরও তিনি আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেন। সাঁতারে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছের একবার। পেশাগত জীবনে ব্যাংকার আরিফুর রহমান জনতা ব্যাংক কর্মরত।

সাকলায়েন রাসেল
ছবি: সংগৃহীত

আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়ায় ওরা তিনজন

আয়রনম্যান ৭০ দশমিক ৩ সাকলায়েন রাসেলের জন্য আয়রনম্যানের দ্বিতীয় আসর। প্রথম আলোকে তিনি বলেন, ‘গত বছরও মালয়েশিয়ায় আয়রনম্যান ৭০ দশমিক ৩ সম্পন্ন করেছি। ২০২১ সালে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছি।’ এ ছাড়া দেশে দূরপাল্লার বেশ কিছু দৌড় প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন। পেশায় চিকিৎসক সাকলায়েন রাসেল বর্তমানে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভাস্কুলার সার্জারি বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। ৪০-৪৪ বছর বয়স গ্রুপে তিনি আয়রনম্যান ৭০ দশমিক ৩-এ অংশ নেবেন।

সুলতান মাহমুদ
ছবি: সংগৃহীত

সুলতান মাহমুদের এটি দ্বিতীয় আয়রনম্যান। গত বছরের নভেম্বরে তিনি পূর্ণ দূরত্বের আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেছেন। ২০২২ সালে তিনি মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত পাওয়ারম্যান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। দৌড় ও সাইক্লিংয়ের সমন্বয়ে হয় এই প্রতিযোগিতা। এতে ১০ কিলোমিটার দৌড়, ৬০ কিলোমিটার সাইক্লিং, আবার ১০ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। পেশায় ব্যাংকার সুলতান মাহমুদ দি সিটি ব্যাংকের হেড অব এমপ্লয়ি রিলেশনস হিসেবে দায়িত্ব পালন করছেন। সুলতান ৪০-৪৪ বয়স গ্রুপে প্রতিযোগিতা করবেন।

মাসুদ রানা
ছবি: সংগৃহীত

আয়রনম্যানের কোনো আয়োজনে এই প্রথম অংশ নিতে যাচ্ছেন মাসুদ রানা। ২০২১ ও ২২ সালে তিনি বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন। ভারতে লাদাখ ম্যারাথনে অংশ নিয়েছেন গত বছর। মাসুদ রানা বলেন, ‘সাঁতার ও দৌড় নিয়মিত করা হয়। সাইক্লিং একটু নতুন। তবুও প্রস্তুতি ভালো আছে। আশা করি আগামীকাল সফল হব।’

আয়রনম্যান মালয়েশিয়া ও আয়রনম্যান ৭০ দশমিক ৩ মালয়েশিয়ায় বাংলাদেশের ক্রীড়াবিদ অবস্থান সরাসরি জানা যাবে ‘আয়রনম্যান ট্র্যাকার’ অ্যাপ থেকে।

আয়রনকিডে অংশ নিয়েছে রুহ্‌ কায়হান চৌধুরী
ছবি: সংগৃহীত

আয়রনকিডে বাংলাদেশের রুহ্‌

আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অনেকের সঙ্গেই পরিবারের সদস্যরা থাকেন। তাঁদের জন্য পার্শ্ব আয়োজন হিসেবে থাকে আয়রনকিড প্রতিযোগিতা। আয়রনম্যান মালয়েশিয়া উপলক্ষে আজ শুক্রবার লাংকাউইতে অনুষ্ঠিত হয়েছে আয়রনকিড প্রতিযোগিতা। ২০০ মিটার সাঁতার ও ৩ দশমিক দৌড়ের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশের ১১ বছর বয়সী রুহ্‌ কায়হান চৌধুরী। সে আয়রনম্যান প্রতিযোগী ইমতিয়াজ এলাহীর ছেলে। রুহ্‌ রাজধানীর স্যার জন উইলসন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।