সাংবাদিক আনিস আলমগীরের জামিন বহাল

সাংবাদিক আনিস আলমগীরছবি: প্রথম আলো

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন। চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বুধবার এ আদেশ দেন।

সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় গত ৫ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষ ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস, সঙ্গে ছিলেন আইনজীবী আসলাম মিয়া।

পরে আইনজীবী তামান্না ফেরদৌস প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে। শুনানি নিয়ে চেম্বার আদালত নো অর্ডার দিয়েছেন। ফলে আনিস আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পরের দিন তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে গত ১১ মার্চ জামিন পান তিনি।

আরও পড়ুন

ওই দুই মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর আনিস আলমগীর গত ১৪ মার্চ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক-শোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আরও পড়ুন