উড়ালপথের পুরো কাজ হয়নি, চালুর তোড়জোড়

ভোগান্তির শেষ হচ্ছে না। কাজ শেষ না করেই উত্তরা-টঙ্গী পথে আংশিক উড়ালপথ চালুর উদ্যোগ। 

  • প্রকল্প শুরু ২০১২ সালে। বিশেষ বাস চালুর কথা ২০১৬ সালে।

  • গত আগস্ট পর্যন্ত প্রকল্পে অগ্রগতি ৮১.৬৫ শতাংশ। 

  • প্রকল্পের ব্যয় বেড়েছে ২ হাজার ২২৫ কোটি টাকা। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছর ধরে চলছে দুর্ভোগের বিআরটি প্রকল্প। কাজ শেষ না করেই উত্তরার আজমপুর-টঙ্গীর মধ্যে উড়ালসড়কের একাংশ চালু করতে চাইছে কর্তৃপক্ষ। আংশিক চালু হলে ভোগান্তির আশঙ্কা করছে পুলিশ। গতকাল টঙ্গী এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ

পরিকল্পনা ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত জোড়া লাগানো আধুনিক বাস চলবে। এসব বাসের পথ হবে সড়কের মাঝখান দিয়ে। যানজট, সংকেত কিংবা অন্য কোনো কারণে কোথাও বাসের চলাচল বাধাগ্রস্ত হবে না। ঘণ্টায় ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে। এই ব্যবস্থা চালুর জন্য নেওয়া হয় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প।

২০১২ সালে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে ২০১৬ সালে বিশেষ বাস চালুর কথা ছিল। কিন্তু বাস চালু তো দূরের কথা, এখন দুর্ভোগের আরেক নাম হলো এই বিআরটি প্রকল্প।

গত আগস্ট পর্যন্ত প্রকল্পের কাজ এগিয়েছে ৮১ দশমিক ৬৫ শতাংশ। প্রকল্পের ব্যয় বেড়েছে ১০৯ শতাংশ, যা টাকার অঙ্কে ২ হাজার ২২৫ কোটি টাকা।

এই পরিস্থিতিতে কাজ বাকি রেখেই উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত উড়ালপথের একাংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ। এতে মানুষের দুর্ভোগ না কমে বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

আরও পড়ুন

বিআরটি প্রকল্প কর্তৃপক্ষ বলছে, পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তাদের দুশ্চিন্তা মিটে গেলে আড়াই কিলোমিটারের মতো উড়ালপথের দুটি লেন খুলে দেওয়া হবে। পুরো কাজ শেষ হলে উড়ালপথটি ছয় লেনের হওয়ার কথা।

বিআরটি প্রকল্প বাস্তবায়নে সমন্বয় করছে সড়ক পরিবহন বিভাগ। এ বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, পুলিশের অনুমোদন পেলে উড়ালসড়কের আংশিক চালু হবে। এটা না করলে টঙ্গী সেতুর কাজ করা যাচ্ছে না। কবে বিশেষ বাস চালু হবে জানতে চাইলে সচিব বলেন, আগামী মার্চে পরিকল্পনা আছে।

আরও পড়ুন

বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার পথ শুধু উত্তরা, টঙ্গী ও গাজীপুরের মানুষই ব্যবহার করে না। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সব জেলার মানুষের মূল পথ এটি। ঢাকার সঙ্গে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এমনকি বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের সড়ক যোগাযোগেরও বিকল্প পথ এটি। উত্তরবঙ্গগামী যানবাহনের একটা বড় অংশ চলে উত্তরা-আবদুল্লাহপুর হয়ে। বিআরটি প্রকল্প এই পথ ব্যবহারকারী দেশের বিশাল জনগোষ্ঠীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, স্থানে স্থানে সড়ক ভাঙাচোরা। সড়কের মাঝখানে, এখানে-সেখানে নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা তৈরি করা আছে। বিমানবন্দর ও উত্তরার মধ্যে সড়কের মাঝখানে উড়ালপথের কাজ আংশিক হয়েছে। এতে ব্যস্ত সড়কের অর্ধেকের বেশি ব্যবহার করা যাচ্ছে না।

এলোমেলো নির্মাণকাজের কারণে একটু পরপর বিকল্প রাস্তায় যানবাহন চালাতে হয়। ফলে সৃষ্টি হয় যানজটের। বৃষ্টি হলে কোথাও কোথাও জলমগ্নতায় চরম ভোগান্তিতে পড়তে হয়। এর বাইরে স্থানে স্থানে বিপজ্জনকভাবে ক্রেনসহ বিভিন্ন যন্ত্র রেখে দেওয়া হয়েছে। এমন অবস্থা বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত পুরো পথেই।

প্রথমে জোড়া লাগানো ১০০টি আধুনিক বাস কেনার পরিকল্পনা ছিল। এখন উত্তরা হয়ে ৭০টি রুটে বিভিন্ন কোম্পানির বাস চলাচল করে। এগুলো সাতটি রুটে এনে একটি কোম্পানির অধীনে পরিচালনা করা হবে। ২-৩ মিনিট পরপর ছাড়বে বাস। থাকবে ই-টিকেটিং ব্যবস্থা। এর জন্য ২০১৩ সালে সম্পূর্ণ সরকারি মালিকানাধীন বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি গঠন করে সরকার। ব্যবস্থাপনা পরিচালকসহ এক ডজনের মতো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। কিন্তু নির্মাণকাজ শেষ না হওয়ায় অনেকটা বসে দিন কাটছে কর্মকর্তা-কর্মচারীদের।

বিআরটি প্রকল্প ২০১২ সালে সরকার অনুমোদন দেয়। ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৪০ কোটি টাকা। এখন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৬৮ কোটি টাকা। প্রকল্পটিতে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফরাসি উন্নয়ন সংস্থা এএফডি, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি নামের একটি সংস্থা ও বাংলাদেশ সরকার।

বিশেষ বাস বহুদূর

বিআরটি প্রকল্প এলাকা বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার। এর অধীনে সড়কের মাঝখান দিয়ে দুই লেনের বাসের পথ তৈরি করা হবে, যা একটি বেড়া দিয়ে আলাদা থাকবে। পথে ২৪টি স্টেশনে যাত্রী ওঠানামা করবে।

প্রথমে জোড়া লাগানো ১০০টি আধুনিক বাস কেনার পরিকল্পনা ছিল। এখন উত্তরা হয়ে ৭০টি রুটে বিভিন্ন কোম্পানির বাস চলাচল করে। এগুলো সাতটি রুটে এনে একটি কোম্পানির অধীনে পরিচালনা করা হবে। ২-৩ মিনিট পরপর ছাড়বে বাস। থাকবে ই-টিকেটিং ব্যবস্থা। এর জন্য ২০১৩ সালে সম্পূর্ণ সরকারি মালিকানাধীন বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি গঠন করে সরকার। ব্যবস্থাপনা পরিচালকসহ এক ডজনের মতো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। কিন্তু নির্মাণকাজ শেষ না হওয়ায় অনেকটা বসে দিন কাটছে কর্মকর্তা-কর্মচারীদের।

কোম্পানি সূত্র জানিয়েছে, এখন জোড়া লাগানো বাস কেনার সিদ্ধান্ত বাদ দেওয়া হয়েছে। ১৩৭টি সাধারণ বাসই কেনা হবে। ফরাসি উন্নয়ন সংস্থা এএফডি দরপত্র দলিল পরীক্ষা করছে। এরপর দরপত্র আহ্বান করে বাস কেনা হবে।

আরও পড়ুন

একাংশ চালুর তোড়জোড়

বিআরটি প্রকল্পে উত্তরার হাউস বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার উড়ালপথ। এর বাইরে বিভিন্ন স্থানে ছয়টি উড়ালসেতু রয়েছে। বাকি অংশ বিদ্যমান সড়কের ওপরই হবে। বিদ্যমান টঙ্গী সেতু ভেঙে এর ওপর ১০ লেনের সেতু নির্মাণ করা হচ্ছে।

১১৩টি পথে ৫৬ কিলোমিটার সংযোগ সড়ক উন্নয়ন, জয়দেবপুরে একটি বাস ডিপো নির্মাণ, ১২ কিলোমিটার উচ্চ ধারণক্ষমতার ড্রেন নির্মাণ রয়েছে। এর মধ্যে ডিপো ও সংযোগ সড়ক নির্মাণের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এসব কাজ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সেতু বিভাগ বাস্তবায়ন করছে।

সাড়ে চার কিলোমিটার উড়ালপথ ও টঙ্গী সেতু নির্মাণের দায়িত্ব সেতু বিভাগের। তারা এ পর্যন্ত ৭৭ দশমিক ৮৪ শতাংশ কাজ শেষ করেছে। এর মধ্যে আজমপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার উড়ালপথের একাংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

উড়ালপথটি ছয় লেনের। এর মাঝখানের দুই লেন দিয়ে বিশেষ বাস চলার কথা। আর দুই পাশের চার লেন দিয়ে অন্য যানবাহন চলাচল করবে। টঙ্গী থেকে ঢাকায় আসার পথটির কাজ অনেক বাকি আছে। এই পথে ১০ লেনের টঙ্গী সেতুর ৫ লেনের কাজ এখনো শুরুই হয়নি। এ অবস্থায় উড়ালপথের ঢাকা থেকে টঙ্গীমুখী দুই লেন খুলে দেওয়া হবে। তবে এই পথে ঢাকা থেকে যানবাহন যেতে পারবে না। টঙ্গী থেকে ঢাকামুখী যানবাহন চলতে দেওয়া হবে।

পুলিশ বলছে, প্রথমত উল্টো, আঁকাবাঁকা উড়ালপথে যানবাহন উঠতে গিয়ে যানজট হতে পারে। আগেই বিদ্যমান টঙ্গী সেতুর অর্ধেক ভেঙে বিকল্প পথ করা হয়েছে। উড়ালপথ চালুর পর টঙ্গী সেতুর বাকি অংশ ভেঙে ফেলা হবে। এতে দুই লেনের একটি বিকল্প পথে যানবাহনের চলাচল সামলানো কঠিন হবে। এতে যাত্রীদের স্বস্তির পরিবর্তে দুর্ভোগ বাড়তে পারে।

গতকাল সরেজমিনে দেখা যায়, উড়ালপথে চলছে শেষ মুহূর্তের কাজ। শ্রমিকদের কেউ সড়কবাতি লাগানোর কাজ করছেন, কেউ দাগ টানছেন, কেউবা করছেন রং। এর মধ্যে উড়ালপথের ওপরে টঙ্গীর বাটা গেট এলাকায় একটি বাঁকের মাধ্যমে দুটি লেন এক করা হয়েছে। অর্থাৎ স্টেশন রোড থেকে প্রথমে ঢাকামুখী লেনে যানবাহন উঠবে। এরপর সেতুর এই বাঁকে লেন পরিবর্তন করে যানগুলো প্রবেশ করবে ময়মনসিংহমুখী লেনে।

বোর্ডবাজার এলাকার একটি পোশাক কারখানার কাভার্ড ভ্যানের চালক মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের কাভার্ড ভ্যান ঘোরাতে গেলে এমনিতেই জায়গা বেশি লাগে। এর মধ্যে ব্রিজে উঠতে গেলে বা সেখানে গিয়ে লেন পরিবর্তন করতে গিয়ে যানজটে পড়তে হবে।’

টঙ্গী হয়ে আসা যানবাহন আজমপুরের সাইদগ্র্যান্ড সেন্টারের সামনে নামবে। এখান দিয়ে জেব্রা ক্রসিংয়ে মানুষ সড়ক পারাপার করতে দেখা গেছে। পাশে আছে বড় একটি ময়লার ভাগাড়। এ ছাড়া উড়ালপথে যাত্রীদের ওঠানামার ব্যবস্থা নেই।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, উড়ালপথ পরিদর্শন করে তাঁরা কিছু আপত্তির কথা জানিয়েছেন। সেসব সমাধান করতে পারলেই কেবল তাঁরা যান চলাচল করতে দিতে চান।

মাথাব্যথার নাম ঠিকাদার

নিরাপত্তা নিশ্চিত না করে নির্মাণকাজ করতে গিয়ে তিন দফায় দুর্ঘটনায় ছয়জনের প্রাণ গেছে। এর মধ্যে গত ১৫ আগস্ট বিমানবন্দর এলাকায় গার্ডারের চাপায় একটি গাড়ির পাঁচজন মারা যান।

বিআরটি প্রকল্প সূত্র জানিয়েছে, গার্ডার দুর্ঘটনার পর প্রকল্পের কাজ বন্ধ আছে। ঋণদাতা সংস্থা এডিবি নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না করে পুনরায় কাজ শুরু করতে বারণ করেছে। এ অবস্থায় কবে কাজ শুরু হবে এবং বিশেষ বাস চালু হবে, তা পুরোপুরিই অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রকল্প-সংক্রান্ত নথি অনুসারে, ২০১২ সালে নেওয়া বিআরটি প্রকল্পের নির্মাণকাজের চারটি ভাগ। এর মধ্যে উড়ালপথ ও সড়ক নির্মাণের দায়িত্ব পালন করছে তিনটি চীনা কোম্পানি। এগুলো হচ্ছে চায়না গেজহুবা গ্রুপ, জিয়াংশু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ওয়েহেই ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেটিভ। আর গাজীপুরে ডিপো নির্মাণের দায়িত্বে ছিল দেশীয় কোম্পানি সেল-ইউডিসি। এদের কাজ আগেই শেষ হয়েছে। তবে চীনের তিনটি কোম্পানির কাজ চলছে।

প্রকল্প সূত্র বলছে, চীনা ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। শুরু থেকেই নিরাপত্তাবেষ্টনী ছাড়াই কাজ চলেছে। এ জন্য বারবার দুর্ঘটনায় পড়তে হয়েছে। বিমানবন্দর এলাকায় গার্ডারের চাপার পর মেট্রোরেল প্রকল্প থেকে বেষ্টনী ভাড়া করার জন্য চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। একজন ক্রেনচালকেরও লাইসেন্স নেই।

গার্ডারের চাপার পর সড়ক পরিবহন মন্ত্রণালয়ের করা তদন্তে সব দায় দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু এখনো তাদের শাস্তির ব্যবস্থা হয়নি।

প্রকল্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঠিকাদার কাজের বিল নিচ্ছে সময়মতো। কিন্তু কদিন পরপরই বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান এসে বলছে, তাদের পাওনা টাকা দেওয়া হচ্ছে না। এমন অসংখ্য লিখিত অভিযোগ প্রকল্প কর্তৃপক্ষের কাছে জমা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রায়ই অর্থসংকটে ভোগে। এ ছাড়া তাদের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে। এ জন্যই কাজের গতি কম, মান নিয়ে অসন্তোষ আছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ মো. হাদিউজ্জামান প্রথম আলোকে বলেন, বিশ্বের ১৮০টি শহরে বিআরটি চালু রয়েছে।

এগুলোর কাজ শেষ হয়েছে দেড় থেকে দুই বছরের মধ্যে। বাংলাদেশের বিআরটি ব্যয় ও সময়ের দিক থেকে মনে হয় বিশ্ব রেকর্ড করেছে। তিনি বলেন, টঙ্গী সেতুর কাজের জন্য উড়ালপথের আংশিক চালু করা ছাড়া বিকল্প নেই। তবে এর আগে-পরে অনেক কাজ বাকি রয়েছে। এর কারণে দুর্ভোগ বাড়বে।