ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৩ শিশু।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে রয়েছে জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা হুমায়ুন মিয়ার ১০ মাস বয়সী ছেলে সাদেকুল এবং ফুলপুরের ৯ মাস বয়সী শিশু সোহান। সাদেকুলকে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ২৫ মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। অন্যদিকে ত্রিশালের সোহানকে ২২ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার রাত ১০টা ৫০ মিনিটে এই শিশুর মৃত্যু হয়। এই দুই শিশুর শরীরে হাম শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৬ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৩৯৭টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ শিশু। মৃত্যু হয়েছে ১২ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৩ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় নতুন দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আরও ২৬ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।