‘যানজটে আটকে’ আদালতে আসতে দেরি পরীমনির, জেরা পেছাল

চিত্রনায়িকা পরীমনি। আজ রোববার ঢাকার আদালত প্রাঙ্গণেছবি: প্রথম আলো

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলায় আজ রোববার তাঁকে জেরার দিন ধার্য ছিল। কিন্তু তিনি সময়মতো আদালতে পৌঁছাতে পারেননি। তাই তাঁকে জেরার নতুন তারিখ দিয়েছেন আদালত।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এই তথ্য জানান। তিনি বলেন, জেরার নতুন তারিখ আগামী ৩০ নভেম্বর। আজ রোববার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এই তারিখ ধার্য করেন।

আরও পড়ুন

আদালতে পৌঁছাতে পরীমনির দেরির কারণ সম্পর্কে আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, তাঁর মক্কেল আদালতের উদ্দেশে রওনা হয়েছিলেন। দুপুর ১২টা নাগাদ তাঁর আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু সড়কে যানজটে তিনি আটকে পড়েন। এ কারণে তিনি নির্ধারিত সময়ে আদালতে হাজির হতে পারেননি। এ অবস্থায় তাঁকে জেরার জন্য আদালত নতুন তারিখ ধার্য করেন।

সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে পরীমনি আদালত প্রাঙ্গণে আসেন।

আরও পড়ুন

নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ জুন সাভার মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন পরীমনি। একই বছরের ৬ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সাভার মডেল থানা-পুলিশ। তিন আসামি হলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলম। ২০২২ সালের ১৮ মে এই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আরও পড়ুন