দলীয় চক্রে রোগীর খাবারে নিম্নমান

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ক্ষমতাসীন দলের একটি চক্র ঘুরেফিরে খাবার সরবরাহ করে।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে ভর্তি হওয়া একজন রোগীর সপ্তাহে তিন দিন করে দুই বেলায় ৪০০ গ্রাম মুরগির মাংস পাওয়ার কথা। সপ্তাহের বাকি চার দিন রুই মাছ ও পাঙাশ মাছ পাবেন যথাক্রমে ২০০ গ্রাম ও ৪২৯ গ্রাম। এ হিসাবে মাস শেষে বিল করে টাকা উঠিয়ে নেওয়া হয়। কিন্তু বাস্তবে একজন রোগী দুই বেলায় ৬০ থেকে ৭০ গ্রামের বেশি মাছ, মাংস পান না।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিত্র এটি। মূলত এই হাসপাতালের রোগীদের খাবার সরবরাহে সরকারি দলের নেতাদের একটি চক্র আছে। তাঁরাই ঘুরেফিরে ডায়েটের বিভিন্ন পণ্য সরবরাহে হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিজেদের ইচ্ছেমতো তা সরবরাহ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চাঁদপুর ২৫০ শয্যার হাসপাতালে প্রতি রোগীর খাদ্যে দিনে ১২৫ টাকা বরাদ্দ থাকে। খাদ্য সরবরাহ বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠানকে হাসপাতাল কর্তৃপক্ষ বছরে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা পরিশোধ করে।

হাসপাতালের খাবারের মান খুবই খারাপ। এ চক্র নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা একাধিকবার বৈঠক করেছি। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না।
শাহানারা বেগম, সভাপতি, সচেতন নাগরিক কমিটি, চাঁদপুর

২০২১-২২ সালে হাসপাতালে পথ্য সরবরাহের কাজ পেয়েছে মেসার্স জাহিদুল ইসলাম। এ প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম (রোমান) জেলার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনির আত্মীয়।

স্থানীয় সূত্র জানায়, জাহিদুল ইসলামের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ হলেও মূলত খাবার সরবরাহ করেন সনজিদ পোদ্দার ও আলমগীর ভূঁইয়া। সনজিদ পোদ্দার শিক্ষামন্ত্রী দীপু মনির চাঁদপুর শহরের বাসার বাজারসদাই করেন। আর আলমগীর দীপু মনির বড় ভাই ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদের (টিপু) ঘনিষ্ঠ। সনজিদ ও আলমগীর দুজনই চাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য। তবে আলমগীর তিন মাস ধরে খাদ্য সরবরাহের সঙ্গে নেই বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন।

জাহিদুলের দাবি, তিনি এখন ঠিকাদারি করেন না। তাঁর ঠিকাদারি লাইসেন্স সনজিদ ও আলমগীর ব্যবহার করেন। অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তাঁর ভাষ্য, এ বিষয়ে তাঁর জানা নেই। হাসপাতাল কর্তৃপক্ষও তাঁকে কিছু জানায়নি।

তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে সঠিক পরিমাণে খাবার দিতে বারবার তাগিদ দেন।

আরও পড়ুন

খাদ্য সরবরাহে ঘুরেফিরে তাঁরাই

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ছয় বছরের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর তালিকা পেয়েছে প্রথম আলো। সেখানে দেখা যায়, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ সালেও জাহিদুল ইসলামের প্রতিষ্ঠান কাজ পেয়েছিল। ২০১৮-১৯ ও ২০২০-২১ সালে সনজিত পোদ্দারের নামে মেসার্স পোদ্দার ট্রেডার্স এবং ২০১৯-২০ সালে আলমগীর ভূঁইয়ার নামে মেসার্স পূর্নী ট্রেডার্স খাদ্য সরবরাহের কাজ পায়। হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান দাবি করেন, আগের দরপত্রগুলোর সময় তিনি এখানে ছিলেন না।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, হাসপাতালে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক থাকলেও স্টোরকিপার আবু রায়হান মোহাম্মদ মারজান দরপত্রের কাজে যুক্ত থাকেন। তাঁর মাধ্যমে কার নামে কাজ হবে, তা আগে থেকেই ঠিক করা হয়। আবু রায়হান অবশ্য চক্রের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।

কয়েকজন ঠিকাদারের অভিযোগ, গত জুনে আবু রায়হানের বিরুদ্ধে হাসপাতালের পুরোনো আসবাব চুরি করে বিক্রির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে লক্ষ্মীপুরের সিভিল সার্জনের নেতৃত্বে তদন্ত চলছে। এ চক্রকে বিশেষ সুবিধা দিতে এবারও (২০২২-২৩ অর্থবছর) তাঁকে দরপত্র বিজ্ঞপ্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে।

চলতি অর্থবছরে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমানের সই করা দরপত্র বিজ্ঞপ্তিতে নতুন শর্ত যোগ করে বলা হয়েছে, দরপত্রদাতার বিগত পাঁচ অর্থবছরের যেকোনো একটি সময়ে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পথ্যসামগ্রী গ্রুপে ২০ লাখ টাকার কাজের অভিজ্ঞতার সনদ থাকতে হবে।

কয়েকজন ঠিকাদারের অভিযোগ, সরকারি হাসপাতালে ওই সমমানের মূল্যের ওষুধ, খাবার, অন্য কিছু সরবরাহের অভিজ্ঞতা থাকলেই তাঁরা দরপত্রে অংশ নিতে পারতেন। কিন্তু এবার নতুন শর্ত আরোপ করা হয়েছে, আবারও ওই চক্রের সঙ্গে খাদ্য সরবরাহে চুক্তি করতে। কারণ, ওই চক্রের বাইরে গত পাঁচ বছরে জেলার তেমন কোনো ঠিকাদারের এত বড় কাজের অভিজ্ঞতা নেই। অবশ্য হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি, যাঁরা কাজ পান না, তাঁরাই এসব অভিযোগ করেন।

খাবার নিয়ে যত অভিযোগ

১৯ সেপ্টেম্বর চাঁদপুর জেনারেল হাসপাতালে রোগী ভর্তি ছিল ৩৯৯ জন। তবে হাসপাতালের সঙ্গে ঠিকাদারের চুক্তি অনুযায়ী, ২৫০ রোগীকে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিদিন সকালের নাশতাসহ তিন বেলা খাদ্য সরবরাহ করে।

হাসপাতালে ভর্তি ছয় নারী ও পাঁচজন পুরুষ রোগীর সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তাঁরা হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। চাঁদপুর সদরের বাসিন্দা মাফিয়া আক্তার সাত দিন হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু তিনি দুই দিন দুপুরের খাবার ও তিন দিন সকালের নাশতা পেয়েছেন। মতলব দক্ষিণের বাসিন্দা আহমেদ আলী বলেন, ‘এক টুকরা করে মাছ-মাংস দেয়। মাপলে ২০ থেকে ৩০ গ্রামের বেশি হবে না।’

এ বিষয়ে হাসপাতালে খাদ্য সরবরাহকারী সনজিদ পোদ্দার প্রথম আলোকে বলেন, ১২৫ টাকার খাবারে ১৫ শতাংশ ভ্যাট ও আয়কর দিতে হয়। এর মধ্যেই তাঁরা ভালো খাবার দেওয়ার চেষ্টা করছেন।

রোগীদের জন্য কলা, পাউরুটি ও ডিম সরবরাহের কথা থাকলেও তাঁরা (রোগী) ঠিকমতো পান না বলে অভিযোগ আছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের তিনজন কর্মচারী বলেন, নিয়ম হলো ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ
রোগীর প্রতিদিনের খাবার বুঝে নেবে। কিন্তু এই হাসপাতালে তা হয় না। কোনো নজরদারি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের ইচ্ছামাফিক খাবার সরবরাহ করে।

গত ২৮ আগস্ট রোগীর পথ্য সরবরাহ নিয়ে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে হাসপাতালে গিয়ে খাদ্য সরবরাহকারী সনজিদ পোদ্দারকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাহানারা বেগম প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের খাবারের মান খুবই খারাপ। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা একাধিকবার বৈঠক করেছি। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না।’