বৈদ্য–কবিরাজ নয়, মৃগীরোগীদের হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আন্তর্জাতিক মৃগীরোগ দিবস’ উপলক্ষে সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে জনসচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়
ছবি: সংগৃহীত

মৃগীরোগের চিকিৎসার জন্য বৈদ্য-কবিরাজদের দ্বারস্থ না হয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নিউরোলজি বিভাগের প্রধান মো. হাসানুজ্জামান। ‘আন্তর্জাতিক মৃগীরোগ দিবস’ উপলক্ষে সোমবার চমেকে আয়োজিত এক সেমিনারের এ পরামর্শ দেন তিনি। সেমিনার শেষে একটি শোভাযাত্রা চমেকের আশপাশের সড়কগুলো প্রদ‌ক্ষিণ করে।  

সেমিনারে ‘মৃগীরোগের প্রচলিত ধারণা এবং বাস্তবতা’ শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন মো. হাসানুজ্জামান। এ সময় তিনি বলেন, মৃগীরোগ অন্য সাধারণ রোগের মতো সঠিক চিকিৎসায় নিরাময় করা যেতে পারে। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মৃগীরোগের উপসর্গ অন্য কোনো রোগের উপসর্গ হিসেবেও দেখা দিতে পারে। তাই পরিবারের কারও মৃগীরোগের উপসর্গ দেখা দিলে বৈদ্য কিংবা কবিরাজের কাছে অপচিকিৎসার জন্য না গিয়ে দ্রুত তাকে হাসপাতালে নিতে হবে।

চিকিৎসক মো. হাসানুজ্জামান আরও বলেন, মৃগীরোগ নিয়ে সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে। কেবল রোগের ইতিহাস ও খিঁচুনির ভিডিও দেখে কোনো দামি পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এই রোগ নির্ণয় করা সম্ভব। ৯০ শতাংশ রোগী ওষুধ খেয়ে ভালো থাকেন। ৬০ থেকে ৭০ শতাংশ রোগী দুই থেকে পাঁচ বছর ওষুধ খেয়ে রোগমুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এ ছাড়া মৃগীরোগে আক্রান্ত নারীরা গর্ভধারণের আগে ও গর্ভকালে নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শে নিয়মিত ওষুধ সেবন করে সুস্থ থাকতে পারেন এবং সুস্থ শিশু জন্ম দিতে পারেন।

চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের রেজিস্ট্রার পীযূষ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ সাহেনা আক্তার, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, উপাধ্যক্ষ হাফিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সভাপতি মনোয়ার উল হক শামীম প্রমুখ।