দৃষ্টিহীন ভাস্করের হাত ধরে ব্যাংকিং সেবা প্রতিবন্ধীবান্ধব করার উদ্যোগ
দৃষ্টিপ্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য এক দশকের বেশি সময় ধরে একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক। ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকটিতে আবেদন করেন তিনি। তবে তাঁকে কার্ড দেওয়া হয় না। কেন দেওয়া হলো না, জানতে চেয়ে ভাস্কর ব্যাংক কর্তৃপক্ষের কাছে ই-মেইল করেন।
ভাস্কর ই–মেইলের উত্তর পাননি। এতে তিনি জাতীয় মানবাধিকার কমিশনে এ বৈষম্যের প্রতিকার চেয়ে অভিযোগ করেন। কমিশনের আদেশের এক সপ্তাহের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে ক্রেডিট কার্ড দেয়।
মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের ন্যাশনাল কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য অবশ্য ক্রেডিট কার্ডটি হাতে পেয়ে থেমে যাননি। দেশের আর কোনো প্রতিবন্ধী ব্যক্তি যাতে শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোনো ব্যাংকে গিয়ে তাঁর মতো বৈষম্যের শিকার না হন, সে উদ্যোগ নেন। তাঁর এমন উদ্যোগে জাতীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও সাহায্যে এগিয়ে এসেছে।
এ প্রসঙ্গে ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘ব্যাংকে আমার লেনদেন করার সক্ষমতা থাকার পরও আমি ক্রেডিট কার্ড পাইনি। এটা শুধু আমার একার সমস্যা নয়, এই সমস্যা ব্যাংকিং সেবা গ্রহীতা সব প্রতিবন্ধী গ্রাহকের। আমি সরকারের সঙ্গে কাজ করছি বলে এই লড়াই করা সম্ভব হয়েছে। খুব দ্রুত আমরা অন্তত একটি ব্যাংককে প্রতিবন্ধীবান্ধব হিসেবে ঘোষণা দিতে পারব। তখন অন্য ব্যাংকগুলোও বুঝতে পারবে, কাজটি আসলে খুব কঠিন কিছু নয়; শুধু উদ্যোগ নিলেই সম্ভব।’
১৮ বছর ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক প্রযুক্তি উদ্ভাবন ও নীতিমালা প্রণয়নে কাজ করছেন ভাস্কর। পেয়েছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।
ভাস্কর ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের’ কল্যাণে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতেও এখন প্রযুক্তি আছে। শুধু সেবাগুলো প্রতিবন্ধীবান্ধব হতে হবে।
এটুআইর সহায়তায় ব্যাংকিং সেবায় প্রবেশগম্যতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। শুধু বিশ্বাস করতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিরা এগুলো ব্যবহার করতে পারেন। আইনের বাস্তবায়ন করতে হবে। পরিবেশ তৈরি করতে হবে।
গত বছরের ১৭ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের ভার্চ্যুয়াল সভায় ভাস্কর ভট্টাচার্যের অভিযোগের শুনানি হয়। এতে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শুনানি শেষে কমিশনের আদেশে কার্ড না দেওয়া ব্যাংকটিকে ভাস্করকে ক্রেডিট কার্ড দেওয়ার আদেশ দেওয়া হয়।
আদেশনামায় উল্লেখ করা হয়, ডেবিট ও ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং সেবা পেতে প্রতিবন্ধী ব্যক্তিরা কোনো প্রতিবন্ধক হতে পারেন না। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিরা সেবা পেতে কী কী জটিলতা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, এর একটি তালিকা (চেকলিস্ট) করে প্রতিবন্ধীবান্ধব সমন্বিত ব্যাংকিং সেবা চালু করতে এটুআইকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশনা দেওয়া হয় আদেশনামায়।
কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে ভাস্কর জানিয়েছিলেন, তিনি ডেবিট কার্ড ব্যবহার করেন। বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি জানান, ওই সব দেশে কোনো সমস্যা না থাকলেও বাংলাদেশে ব্যাংকিং সেবা পেতে প্রতিবন্ধী ব্যক্তিদের হয়রানি ও বৈষম্যের শিকার হতে হয়। অন্য একটি ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চাইলে দুই লাখ টাকা জামানত রেখে তাঁর স্ত্রীর নামে কার্ড ইস্যু করা হয়। ‘সাপ্লিমেন্টারি’ হিসেবে ভাস্কর ওই কার্ড ব্যবহার করছেন।
শুনানিতে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি জানিয়েছিলেন, ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে কোনো হয়রানির শিকার না হন, সে জন্য ২০০৯ সাল থেকে বিভিন্ন সময় পরিপত্র জারি করা হয়। এ বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের আদেশের পর গত বছরের ২২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে প্রতিবন্ধীবান্ধব একটি সমন্বিত ব্যাংকিং সেবা চালুর বিষয়ে এটুআইর সঙ্গে আলোচনা সভা হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের প্রতিনিধি এবং এটুআই থেকে ভাস্করসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, এটুআই প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ব্যাংকে ব্যাংকিং সেবা নেওয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেসব চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকে একটি প্রতিবেদন জমা দেবে।
ভাস্কর ভট্টাচার্য প্রথম আলোকে জানান, এটুআই মোট পাঁচটি ব্যাংকের সেবা মূল্যায়ন করে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাংকিং সেবা পেতে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা সমাধানের সুপারিশসহ প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রথম আলোকে জানানো হয়েছে, ব্যাংকিং সেবা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অভিগম্যতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে। এটুআই, মানবাধিকার কমিশন, বিভিন্ন ব্যাংকের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাংকের ওয়েবসাইট ও অ্যাপে কোন কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে তা চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিকভাবে এটুআইর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাংকিং সেবায় অভিগম্যতা মূল্যায়নের জন্য সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে নির্বাচিত করা হয়েছিল। ইসলামী ব্যাংকের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের অভিগম্যতা মূল্যায়নের পরিপ্রেক্ষিতে এটুআইর পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে ব্যাংকটিকে প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিত করতে বলা হয়েছে। ব্যাংকটির ওয়েবসাইট ও অ্যাপ হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া এটুআই ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মের নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে। গত ২ মার্চ ব্যাংকার্স সভায় এ বিষয়ে যেসব অগ্রগতি হয়েছে তা উপস্থিত তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের অবহিত করা হয়েছে।