দীপু দাসের পরিবার পেল ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ, হত্যার বিচারের অগ্রগতি নিয়ে অসন্তুষ্টি

সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটছবি: প্রথম আলো

ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সঞ্চয়পত্র দীপুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক সংবাদ সম্মেলনে দীপুর পরিবার সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার কথা জানায় এবং এর জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায়। পাশাপাশি পরিবারের সদস্যরা এই হত্যার বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

গত বছরের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার্স নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। একপর্যায়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে দীপু চন্দ্র দাসের বাড়ি।

আজকের সংবাদ সম্মেলনে নিহত দীপু চন্দ্র দাসের মা শেফালী রানী দাস বলেন, তাঁরা সরকারের কাছ থেকে আজকে ২৫ লাখ টাকা পেয়েছেন। এখন সরকারের কাছে দীপুর স্ত্রীর জন্য একটি চাকরি চান তিনি।

আরও পড়ুন

ছেলে হত্যার বিচার চেয়ে শেফালী রানী বলেন, যাঁরা অপরাধী, তাঁদের সবাইকে এখনো গ্রেপ্তার করা হয়নি। বিচারের অগ্রগতি নিয়েও তাঁরা সন্তুষ্ট নন। দীপুর বাবা রবি লাল চন্দ্র দাস বলেন, ‘সরকারের কাছে...আমার একটা অনুরোধ, আমার ছেলে হত্যার কঠিন বিচার আমি চাই।’

দীপু দাসের স্ত্রী মেঘনা রবিদাস বলেন, ‘আমার কিছু বলার নাই। আমি শুধু এটাই বলি, আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র কুশল বরণ চক্রবর্তী বলেন, ‘আমরা কখনো দেখি নাই যে পূর্ববর্তী বাংলাদেশে কোনো মাইনরিটি হত্যার পরে তাঁদের পরিবারকে কোনো টাকা দেওয়া।...এটার জন্য আমরা ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি সুমন রায় হলেন, দীপু দাসকে যেদিন হত্যা করা হয়, সেদিন হামলার শিকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু সার্বিকভাবে রাষ্ট্র হাদিকে যেভাবে নেক নজরে রেখেছে, সেভাবে দীপু দাসকে দেখেনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদারসহ কয়েকজন।