সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসে দুই ক্যাটাগরিতে দুটি পুরস্কার পেয়েছে প্রথম আলো। ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ‘ডিজিটাল মিডিয়া ইন্ডিয়া ২০২৬’ সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার এ পুরস্কার তুলে দেওয়া হয়। দক্ষিণ এশিয়ার শীর্ষ ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানগুলো এ সম্মেলনে অংশ নেয়। সংবাদমাধ্যমের আন্তর্জাতিক সংগঠন ওয়ান-ইফরা সাউথ এশিয়া আয়োজিত এ আয়োজনে প্রথম আলো একটি সোনা ও একটি রুপা অর্জন করে।
ওয়ান-ইফরা বিশ্বের ১২০টির বেশি দেশের তিন হাজার সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান ও উদ্যোক্তার প্রধান সংগঠন। তারা গত ৩০ এপ্রিল দক্ষিণ এশিয়ার শতাধিক সংবাদমাধ্যমের মধ্য থেকে ১২টি ক্যাটাগরিতে ৩৬টি পুরস্কারের জন্য বিজয়ী ঘোষণা করে। আজ বিজয়ী সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন ওয়ান-ইফরার বৈশ্বিক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিগ অর্সকভ, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) টমাস জ্যাকব, মনোরমা অনলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মরিয়ম মামেন মেথিউ ও ওয়ান-ইফরা দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাগদুম মোহাম্মদ। প্রথম আলোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, প্রথম আলো ডিজিটালের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা জাবেদ সুলতান, বিজনেস ডেভেলপমেন্ট লিড ও সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন, ডিজিটাল টেকনোলজির সহকারী মহাব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম এবং এসইও ও অ্যানালিটিকস ব্যবস্থাপক মাজহারুল হক।
প্রথম আলো কার্যালয়ে উগ্রবাদীদের পরিকল্পিত ও সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা এবং অগ্নিসংযোগের পর দেশের শীর্ষ সংবাদমাধ্যমটি যেভাবে ঘুরে দাঁড়িয়ে ঘটনাটিকে পাঠক-দর্শকের কাছে নিয়ে গেছে, তার জন্য সোনা অর্জন করেছে। ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬-এ ‘বেস্ট মার্কেটিং ক্যাম্পেইন ফর আ নিউজ ব্র্যান্ড’ বিভাগে ‘তবু মাথা নোয়াবার নয়’ শীর্ষক প্রচারণার জন্য এই সোনা পায় প্রথম আলো।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত হত্যাকাণ্ডের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’-এর জন্য ‘বেস্ট ইউজ অব ভিডিও’ বিভাগে প্রথম আলো রুপা জিতেছে।
ওয়ান-ইফরা এ বছর নবমবারের মতো এই পুরস্কারের আয়োজন করে । এ বছর সবচেয়ে বেশি পুরস্কার পেয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে দ্য হিন্দু গ্রুপ।
‘তবু মাথা নোয়াবার নয়’
গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এই প্রচারণা পরিচালনা করা হয়। এর আওতায় সংবাদ প্রতিবেদন, লেখা, ভিডিও ও অন্যান্য প্রতিবেদন প্রকাশের মাধ্যমে হামলার বিবরণ, হামলাকারীদের চালানো ধ্বংসযজ্ঞ এবং এর সবকিছু ছাপিয়ে সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয়ে প্রথম আলোর এগিয়ে চলার বিষয়টিকে তুলে ধরা হয়। ‘সত্য পোড়ানো যায় না’—এই প্রত্যয়কে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে পাঠক-দর্শকের সামনে নিয়ে যায় প্রথম আলো। ছাপা পত্রিকা, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে লেখা, ছবি, ভিডিওসহ নানা মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে তুলে ধরা হয়। পাঠক-দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সংহতি প্রচারণাটিকে শক্তি, গভীরতা ও ব্যাপকতা দেয়।
‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’
প্রথম আলো ‘বেস্ট ইউজ অব ভিডিও’ ক্যাটাগরিতে রুপা জয় করেছে ‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’ শীর্ষক অনুসন্ধানী প্রামাণ্যচিত্রের জন্য। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল হোসাইন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শেষ দিন ৫ আগস্ট রাজধানী ঢাকার অন্যতম প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে যাত্রাবাড়ী থানা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের ওপর নিষ্ঠুর বর্বরতা ও হত্যাকাণ্ড চালায়। এই মহাসড়কের এক কিলোমিটারের মধ্যে সাত ঘণ্টায় ৬০ জন নিরস্ত্র মানুষকে কীভাবে হত্যা করা হয়, তা বিশদভাবে উঠে আসে এই প্রামাণ্যচিত্রে।
এই বিভাগে সেরার পুরস্কার পেয়েছে বাংলাদেশের আরেক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার। ‘অ্যানাটমি অব বিজিবি শুটিং ইন রামপুরা’ শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য সোনা অর্জন করে তারা। আর প্রযুক্তি-নির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘কিরন: অ্যাক্সেলেরেটিং কেরিয়ার, রিডিফাইনিং মিডিয়ার’ জন্য ‘মোস্ট ইনোভেটিভ ডিজিটাল প্রোডাক্ট’ বিভাগে রুপা জিতেছে বাংলাদেশের এই ইংরেজি সংবাদমাধ্যম।
প্রথম আলোর আরও যত পুরস্কার
ওয়ান-ইফরার দক্ষিণ এশীয় এই আয়োজনে বিগত বছরগুলোতে প্রথম আলো দুটি সোনাসহ মোট ১১টি পুরস্কার পেয়েছে। এ ছাড়া ১০০টির বেশি দেশের এক হাজারের বেশি সংবাদমাধ্যমের সংগঠন ইনমার (ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন) বৈশ্বিক আয়োজন ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস’-এ ‘দক্ষিণ এশিয়ার সেরা’ ছাড়াও দুটি প্রথম পুরস্কারসহ এ পর্যন্ত মোট ১১টি পুরস্কার পেয়েছে প্রথম আলো।