বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মামুন খালেদ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলাসহ দলটির কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এ তথ্য জানান।
আজ দুটি মামলায় মোট পঞ্চম দফার রিমান্ড শেষে শেখ মামুন খালেদকে আদালতে হাজির করে পুলিশ। রিমান্ড শেষে তাঁকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
বেলা সোয়া একটার দিকে শেখ মামুন খালেদকে আদালতে তোলা হয়। শুনানি চলাকালে হাতে একটি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় অন্তত চারবার হাত উঁচু করে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। আদালতের অনুমতি পেয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।
২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল নামে দলটির এক কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করেন।
গত ২৫ মার্চ দিবাগত রাতে গ্রেপ্তার হন শেখ মামুন খালেদ।