চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলার সময় খসে পড়ল ফলস সিলিং
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে হলরুমের ফলস সিলিং খসে পড়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৫৩৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলছিল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, হলরুমের ফাঁকা জায়গায় সিলিংটি পড়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। সেখানে পরীক্ষার্থী ছিল ১৩১ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আজ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১০ হাজার ২৭ জন।
পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালনকারী ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্সের শিক্ষক রুবায়েত হাসান প্রথম আলোকে বলেন, সিলিং খসে পড়ার পর পরীক্ষার্থীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিল। কেউ কেউ পরীক্ষা দেওয়া বন্ধ রেখেছিল। তাদের সুবিধার জন্য পরীক্ষা শেষে অতিরিক্ত দুই মিনিট যুক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সিলিং খসে পড়ার পর তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা হয়েছে।