শুভ সকাল। আজ ২০ জুন, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত আলোচিত কিছু খবর হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। আজকের দিনটি শুরু করুন সেসব আলোচিত খবরের কয়েকটি পড়ে।
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৯ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। এদিকে পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার। বিস্তারিত পড়ুন:
জাতিসংঘের অধীন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর বিষয়টি এখন আবার আলোচনায় এসেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তৎপরতায় দেশের মানবাধিকার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাদের কেউ কেউ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে নিয়োগের ক্ষেত্রে মানবাধিকারের বিষয় যাচাই-বাছাই করার দাবি করেছে। এ নিয়ে ক্ষুব্ধ আওয়ামী লীগ অভিযোগ করেছে, এর পেছনে বিরোধী দল বিএনপির হাত রয়েছে। বিস্তারিত পড়ুন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কী আলোচনা করবেন, সেটা তাঁদের বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সেখানে বাংলাদেশের ওকালতি করার প্রয়োজন নেই। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আব্দুল মোমেন এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন:
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। অর্থাৎ এক চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান এখনো অটুট রয়েছে। বিস্তারিত পড়ুন:
আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দলে ডাকা হয়েছে সৌম্য সরকারকে। সাইফ হাসানের নেতৃত্বে ১৫ জনের দলে আছেন বাঁহাতি এই ওপেনার। ‘উদীয়মান’ হিসেবে দলে আছেন জাতীয় দলে খেলা মাহমুদুল হাসান, পারভেজ হোসেন, জাকির হাসান, মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ নাঈমও। বিস্তারিত পড়ুন: