প্রত্যক্ষদর্শী বললেন, ভেবেছিলাম ট্রান্সফরমার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকাজ চলছে
ছবি: দীপু মালাকার

গুলিস্তানের নর্থ সাউথ রোডের গ্রিন সুপার মার্কেটের উল্টো পাশের আটতলা ভবন থেকে হঠাৎ করে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দ আসে। স্থানীয়রা প্রথমে এটিকে ট্রান্সফরমার বিস্ফোরণ বলে মনে করেন। কিন্তু পরে লোকজন দ্রুত বের হয়ে দেখেন ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। ভবনটির দোতলায় রয়েছে ব্র্যাক ব্যাংকের অফিস। অন্য তলাগুলোতে রয়েছে অনিকা ট্রেডার্স, বাদশা ট্রেডিংসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়।

স্থানীয় লোকজন দেখেন, ভবনের দোতলা ও তিনতলা থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে। নিচের তলার লোহার তৈরি গেট বাঁকা হয়ে গেছে। দেয়াল ফেটে গেছে। বাইরের এসির অংশ খুলে পড়েছে। ভেতর থেকে মানুষের চিৎকার, আর্তনাদ শোনা যাচ্ছে। পাশে ছিল মসজিদ। মুসল্লিরা নামাজ শেষ করে দৌড়ে আসেন।

আরও পড়ুন

ঘটনার প্রত্যক্ষদর্শী আনোয়ারুল কাদির বলেন, ‘হঠাৎ করে আমি বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যাই। ভেবেছিলাম ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে। কিন্তু গিয়ে দেখি যে ভবনটির দুই তলা ও তিনতলা ভবনে বিস্ফোরণ হয়েছে। সেখানে মানুষের চিৎকার ভেসে আসছে। প্রচুর ধোঁয়া বের হচ্ছে।’

সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে কয়েক হাজার মানুষকে জমায়েত হতে দেখা যায়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা আজ বিকেল পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।