নদী সরু করলে ভাটিতে ভাঙন দেখা দেয়

এ কে এম সাইফুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর প্রবাহের জন্য যে পরিমাণ জায়গা দরকার হয়, তা অনেক সময় রাখা হয় না। সেতুসহ নানা স্থাপনা করে নদীকে সরু করে ফেলা হয়। কাজটি করা হয় যথাযথ সমীক্ষা ছাড়া। এতে নদীর প্রবাহ, গতিময়তা এবং এর সঙ্গে সম্পৃক্ত নদীনির্ভর প্রতিবেশব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

নদীতে কেবল পানি প্রবাহিত হয় না, পানির সঙ্গে প্রচুর পলি আসে। এ ছাড়া নদীর প্লাবনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ, নদী সব সময় একটি নির্দিষ্ট পথে প্রবাহিত হয় না। তীব্র প্রবাহ এবং গতিশীল প্রকৃতির কারণে নদী একদিকে ভাঙে, আবার অন্যদিকে নতুন চর গড়ে তোলে। সংকুচিত করে ফেললে নদীর বয়ে চলার নিজস্ব ধরন ক্ষতিগ্রস্ত হয়। সেতু নির্মাণের সময় সংযোগ সড়ক দিয়ে প্লাবনভূমি ভরাট বা সংকুচিত করলে অনেক ক্ষেত্রে নদীটি কার্যত মারা যায়।

আরও পড়ুন

বন্যার সময় নদীর পানি দুই কূল উপচে প্লাবনভূমিতে ছড়িয়ে পড়ে। অগভীর এই প্লাবনভূমি মাছের প্রজনন ও বিচরণের জন্য অত্যন্ত জরুরি। কারণ, তীব্র খরস্রোতে মাছ ডিম ছাড়তে পারে না।

নদী ব্যবস্থাপনায় নদীর নিজস্ব গতি অক্ষুণ্ন রাখা উচিত। নদী যে পলি বহন করে আনে, তা কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজন এবং এই প্রক্রিয়ায় ধীরে ধীরে দেশের বদ্বীপ গড়ে উঠেছে। যথাযথ বৈজ্ঞানিক সমীক্ষা না করে নদী সংকুচিত করে কোনোভাবেই সেতু নির্মাণ করা সমীচীন নয়।

সরু ও নিচু সেতু নির্মাণের পেছন তহবিল-সংকট একটি কারণ হতে পারে। তহবিলের স্বল্পতা থাকলে সেতু নির্মাণ পিছিয়ে দেওয়া যেতে পারে; কিন্তু নদী মেরে সেতু করার কোনো বাধ্যবাধকতা দেশের পানিসম্পদ আইন বা জাতীয় নীতিতে নেই। পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) কর্তৃপক্ষকে অবকাঠামো নির্মাণের আগে যথাযথ সমীক্ষা সম্পন্ন করতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশের অভিজ্ঞ গবেষণাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘকাল ধরে এ ধরনের কাজ পরিচালনা করে আসছে।

আরও পড়ুন

নদী সংকুচিত করে সেতু বানালে নদীর প্রতিবেশব্যবস্থার ওপর দুই ধরনের প্রভাব পড়ে। সেতুর দৈর্ঘ্য ও স্প্যান যথাযথ থাকলে কেবল পিয়ার বা খুঁটির কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয় না কিংবা পলি জমে না; সেতু সংকুচিত করার উদ্দেশ্যে যখন সংযোগ সড়ক নদীর মূল প্রবাহের ভেতরে টেনে আনা হয়, তখন নদীর পানি চলাচলের পথ মারাত্মকভাবে অবরুদ্ধ হয়। এর ফলে উজানে পলি আটকে নদী ভরাট হতে থাকে এবং ভাটিতে সরু জায়গা দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় তলদেশের মাটি সরে যায় এবং তীরে ভাঙন দেখা দেয়। উজানে দীর্ঘ সময় ধরে এই পলি জমতে থাকলে একসময় নদীর সামগ্রিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুন

নদীতে যথাযথ সমীক্ষা ছাড়া সেতু নির্মাণ করলে কিংবা পিয়ারের মাঝখানে পর্যাপ্ত ফাঁকা জায়গা না রাখলে নৌ দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়। আমাদের দেশে টাইপ ১, টাইপ ২, টাইপ ৩ এবং টাইপ ৪ নদীর জন্য নির্দিষ্ট অনুভূমিক ও উল্লম্ব ক্লিয়ারেন্সের (নদী পানির উচ্চতা ও সেতুর তলদেশের ব্যবধান) বিধান রয়েছে। নদীর মূল প্রবাহের মধ্যে সংযোগ সড়ক, পিয়ার ও অ্যাবাটমেন্ট টেনে আনা কোনোভাবেই গ্রহণযোগ্য কাজ নয়। এ কারণে সেতু পরিকল্পনার সময় বিগত অন্তত ২০ বছরের স্যাটেলাইট চিত্র এবং হাইড্রোলজিক্যাল তথ্য বিশ্লেষণ করে নদীর ঐতিহাসিক গতিপথ যাচাই করা আবশ্যক।

প্রাথমিকভাবে দীর্ঘ সেতু নির্মাণে ব্যয় কিছুটা বেশি হলেও বাজেট কমানোর অজুহাতে সেতু অতিরিক্ত ছোট করা উচিত নয়।

  • এ কে এম সাইফুল ইসলাম: অধ্যাপক, ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, বুয়েট