রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় চট্টগ্রামের ৩০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
চট্টগ্রামের আকবর শাহ থানার পাহাড় কাটার স্থান পরিদর্শনকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন চট্টগ্রামের ৩০ বিশিষ্ট নাগরিক। রোববার তাঁরা এ বিবৃতি দেন।
গত বৃহস্পতিবার আকবর শাহ থানা এলাকার পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলমের নেতৃত্বে রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, সৈয়দা রিজওয়ানা হাসানের মতো একজন পরিবেশকর্মীর সঙ্গে ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত কাউন্সিলর ও তাঁর অনুসারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। কাউন্সিলরের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তর ও আকবর শাহ থানায় একাধিক মামলা হয়েছে। সবশেষ বৃহস্পতিবারের ঘটনায়ও মামলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের মতো ব্যক্তিদের কারণে জনগণের ভরসার জায়গা রাজনীতি কলুষিত হচ্ছে এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লালসায় প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে। পরিবেশবাদীদের ওপর অসাধু গোষ্ঠীর এমন আক্রমণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। তাদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলার দ্রুত ও বস্তুনিষ্ঠ তদন্ত করে দোষীদের কঠোর ও উপযুক্ত শাস্তির দাবি জানান বিবৃতিদাতারা।
বিবৃতিতে চট্টগ্রামে বিশিষ্ট ৩০ ব্যক্তি স্বাক্ষর করেন। বিবৃতিদাতাদের মধ্যে আছেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রকৌশলী সুভাষ বড়ুয়া, সনাক ও টিআইবি চট্টগ্রাম সভাপতি আখতার কবির চৌধুরী, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, কর্ণফুলী–গবেষক অধ্যাপক ইদ্রিস আলী, হালদা–গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, উদীচী চট্টগ্রামের সভাপতি জসিম চৌধুরী সবুজ, সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজি, কবি ওমর কায়সার, মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রমুখ।