১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেও

২১টি জেলার ১০৬টি পয়েন্ট বা রুটকে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে বিজিবিঅলংকরণ: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাদক প্রবেশের জন্য ২১ জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত ও মিয়ানমার সীমান্তের এসব পথ দিয়ে আসছে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক। তবে পাচারকারীদের পথ শুধু স্থলসীমান্তে সীমাবদ্ধ নয়। সুন্দরবনের নদীপথ ও বঙ্গোপসাগরও ব্যবহার করছেন তাঁরা।

বিজিবি ও কোস্টগার্ডের পৃথক প্রতিবেদনে মাদক প্রবেশের এসব পথের তথ্য উঠে এসেছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদন দুটি উপস্থাপন করা হয়। একই বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও একটি প্রতিবেদন দেয়। তিন সংস্থার প্রতিবেদনে দেশের বিভিন্ন সীমান্ত ও জলপথে মাদক চোরাচালানের চিত্র তুলে ধরা হয়েছে।

বিজিবির প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থল ও জলসীমান্ত মাদক চোরাচালানের জন্য অত্যন্ত সংবেদনশীল। প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। সংস্থাটি ২১টি জেলার ১০৬টি পয়েন্ট বা রুটকে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।

প্রতিবেদনগুলোতে দেখা গেছে, দেশের দক্ষিণ-পূর্ব, পূর্ব, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম ও উত্তর এবং উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক প্রবেশ করছে।

১৫ নভেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদক মানে বিষ
প্রতীকী ছবি

২১ জেলার ১০৬ রুট ঝুঁকিপূর্ণ

বিজিবির প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থল ও জলসীমান্ত মাদক চোরাচালানের জন্য অত্যন্ত সংবেদনশীল। প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। সংস্থাটি ২১টি জেলার ১০৬টি পয়েন্ট বা রুটকে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।

এর মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার ২৫টি রুট ঝুঁকিপূর্ণ। এসব পথ দিয়ে প্রধানত ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও আফিম আসে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৩৯টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। এসব এলাকা দিয়ে মূলত ফেনসিডিল, গাঁজা, মদ, বিয়ার ও নেশাজাতীয় সিরাপ পাচার হয়।

যেসব জায়গা দিয়ে দেশে মাদক আসে, সেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
জয়নুল আবেদীন, সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি

যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ২২টি সীমান্ত রুটও ঝুঁকিপূর্ণ। এসব পথে প্রধানত ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও মদ আসে। এ ছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ২০টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। এসব এলাকা দিয়ে হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও নেশাজাতীয় ট্যাবলেট প্রবেশ করে।

বিজিবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সংস্থাটি ২ কোটি ৪১ লাখের বেশি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ সময়ে ৩২ কেজি আইস, ২৫ হাজার ৩৩০ বোতল ফেনসিডিল ও ৬৪ হাজার ৫৫১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩৭৭ জনকে।

আরও পড়ুন

নদী ও সমুদ্রপথেও মাদক পাচার

স্থলসীমান্তের পাশাপাশি নদী ও সমুদ্রপথকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহারের তথ্য উঠে এসেছে কোস্টগার্ডের প্রতিবেদনে। এতে মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারকে মাদক প্রবেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, টেকনাফ, নাফ নদী, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনসংলগ্ন জলসীমা দিয়ে ইয়াবা ও আইস প্রবেশ করে। দক্ষিণ-পূর্ব সীমান্তের স্থানীয় জেলেদের একটি অংশ মাছ ধরার নৌযানে করে সিমেন্ট, সার ও খাদ্যসামগ্রী মিয়ানমারে পাচার করে। ফেরার সময় তাঁরা বাংলাদেশে ইয়াবা ও আইস নিয়ে আসেন।

সাতক্ষীরার কৈখালী ও সুন্দরবনের অভ্যন্তরীণ নদীপথ দিয়েও ফেনসিডিল ও গাঁজা প্রবেশের তথ্য পেয়েছে কোস্টগার্ড। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘবদ্ধ চোরাচালান চক্র মাছ ধরার ট্রলার, পণ্যবাহী নৌযান ও স্থানীয় সহযোগীদের মাধ্যমে এসব মাদক পরিবহন ও সরবরাহ করে।

আরও পড়ুন

কোন দেশ থেকে আসছে কোন মাদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনেও সীমান্তবর্তী জেলাগুলোকে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মাদকগুলোর উৎস সম্পর্কেও তথ্য তুলে ধরেছে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের মংডু, নাইখোংদিয়া, সিতারগোলা, সিত্তে ও আল লে থান খেয়া অঞ্চল থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা বাংলাদেশে আসে। ২০২০ সাল থেকে দেশটি থেকে ক্রিস্টাল মেথ প্রবেশের তথ্যও রয়েছে।

ভারতের আসাম, করিমগঞ্জ, কোচবিহার ও আগরতলাসংলগ্ন সীমান্ত অঞ্চলকে গাঁজা প্রবেশের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। আর হেরোইনের বেশির ভাগ আসে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্ত দিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তানে পপি চাষ কমে যাওয়ায় মিয়ানমারের পাহাড়ি অঞ্চলে পপি চাষ বাড়ার তথ্য পাওয়া গেছে। এর ফলে টেকনাফ সীমান্ত দিয়ে হেরোইন চোরাচালান বেড়েছে।

আরও পড়ুন

নজরদারি ও সমন্বিত অভিযানের সুপারিশ

মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে তিন সংস্থাই। বিজিবি সীমান্তে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভরব্যবস্থা ব্যবহারের কথা বলেছে।

কোস্টগার্ডের প্রতিবেদনে উপকূলীয় ও সামুদ্রিক জলসীমায় টহল জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরবরাহ কমাতে অভিযান, মামলা ও আসামি গ্রেপ্তারের পাশাপাশি সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছে।

সংসদীয় কমিটিও মাদক চোরাচালান প্রতিরোধে সমন্বিত নজরদারি ও অভিযান জোরদারের পরামর্শ দিয়েছে। মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশও করেছে কমিটি। এ ক্ষেত্রে বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

কমিটির সভাপতি জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, যেসব জায়গা দিয়ে দেশে মাদক আসে, সেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন