শুভ সকাল। আজ ১৮ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। গতকাল সকাল থেকে দিনভর ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা এই উপনির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। রাত ৯টার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। বিস্তারিত পড়ুন:
গুগলে কয়েকটি শব্দ লিখে মাউসে ক্লিক করলেই বেরিয়ে আসছে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য। শত শত মানুষের নাম, ঠিকানা, মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর। কোথাও কোথাও থাকছে জন্মনিবন্ধন নম্বর ও ছবি। দেশের নাগরিকদের ব্যক্তিগত এসব তথ্য এভাবে উন্মুক্ত রয়েছে সরকারি ওয়েবসাইটে। সরকারি একটি ওয়েবসাইট থেকে ‘লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হওয়ার খবরের’ মধ্যে দেখা যাচ্ছে, শুধু ওই একটি ওয়েবসাইট নয়, নাগরিকদের তথ্য উন্মুক্ত করে রেখেছে সরকারের আরও অনেক ওয়েবসাইট। এসব ওয়েবসাইট থেকে তথ্যগুলো অপরাধীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত পড়ুন:
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম মার খাচ্ছেন, সাপ বা জন্তু-জানোয়ারকে পেটানোর সময় কিছু মানুষের যে দেহভঙ্গি দেখা যায়, সেই একই কায়দায় নৌকার ব্যাজধারী লোকজনকে দেখা গেল তাঁর ওপর চড়াও হতে। তাঁরা হিরো আলমের সাদা পাঞ্জাবি ধরে টানছেন, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, লাথি মারছেন, মাথার ওপর ধরেছেন উঁচু লাঠি। হিরো আলম ছুটে রিকশায় ওঠার চেষ্টা করলেন, ধাওয়া খেয়ে রিকশা থেকে নেমে আবার দৌড়। এরপর তিনি একটি হাসপাতাল থেকে লাইভ দিয়েছেন। বিস্তারিত পড়ুন:
কৃষ্ণসাগর হয়ে নিরাপদে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য রাশিয়ার সঙ্গে দেশটির চুক্তিটি আর নবায়ন হবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আনুষ্ঠানিকভাবে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘকে তা জানিয়ে দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর খবরে এটি জানানো হয়। বিস্তারিত পড়ুন:
ঝড়, বৃষ্টি ও বজ্রপাত—ফ্লোরিডার গ্রীষ্মের পরিচিত রূপ অপেক্ষাটা বাড়াল। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু হয় ইন্টার মায়ামির মেসিবরণ অনুষ্ঠান। এতে অনুষ্ঠানের মাহাত্ম্য একটুও কমেনি। ঝড়-বৃষ্টি শেষে আলো-আঁধারির মায়াবি খেলার মাঝে লিওনেল মেসি যখন ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ঢুকলেন, বিপুল হর্ষধ্বনি আর করতালিতে তাঁকে স্বাগত জানান ফ্লোরিডার ক্লাবটির সমর্থকেরা। বিস্তারিত পড়ুন: