তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ

হরতাল-অবরোধের সমর্থনে সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ারে আগুন ধরিয়ে অবস্থান নেন যুবদলের কর্মীরা। গতকাল সকালে সিলেটের মদিনা মার্কেট এলাকায়
ছবি: প্রথম আলো

তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার। অবরোধের দ্বিতীয় দিন গতকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিএনপি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় । দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দলটি।

সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীও।

অবরোধের দ্বিতীয় দিন ঢাকায় ৪টিসহ সারা দেশে মোট ১৩টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে বগুড়া, চট্টগ্রামের সীতাকুণ্ড, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও পাবনার ঈশ্বরদীতে পণ্যবাহী চারটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঈশ্বরদীতে চলন্ত ট্রেনে ককটেল ও পেট্রলবোমা ছোড়া হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

আগের দিনের সংঘর্ষে আহত কিশোরগঞ্জের ভৈরবে আশিক মিয়া (৫০) নামের এক চা বিক্রেতা গতকাল মারা গেছেন। এ নিয়ে গত পাঁচ দিনের সহিংসতায় পুলিশের এক সদস্যসহ আটজনের মৃত্যু হলো। বগুড়া ও নারায়ণগঞ্জে গতকালও অবরোধকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। গতকাল বিভিন্ন স্থানে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গতকাল ঢাকাসহ দেশের বড় শহরগুলোয় আগের দিনের চেয়ে বেশি গণপরিবহন চোখে পড়েছে। ব্যক্তিগত যানও দেখা গেছে কিছু। তবে কোথাও যানজট দেখা যায়নি। গতকালও দূরপাল্লার বাস রাস্তায় নামেনি।

লোকাল বাস ও থ্রি-হুইলারে যাতায়াত করেছেন সাধারণ যাত্রীরা। ট্রেন যথারীতি চলেছে, তবে যাত্রী ছিল কম। নৌপথেও ছিল একই অবস্থা। লঞ্চ, ফেরি চললেও যাত্রী খুব একটা দেখা যায়নি। সড়ক-মহাসড়কে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের।