মমতাজের জমিসহ তিনটি বাড়ি জব্দের আদেশ

মমতাজ বেগমফাইল ছবি

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ তিনটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ মঙ্গলবার এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

মমতাজ বর্তমানে কারাগারে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে। আছে মানি লন্ডারিংয়ের অভিযোগ। এই অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বলেন, মমতাজের রাজধানীর ডিওএইচএসের একটি ও মানিকগঞ্জের দুটি বাড়ি জব্দের আদেশ হয়েছে। এ ছাড়া তাঁর ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই জমি ঢাকা ও মানিকগঞ্জে অবস্থিত।

সম্পত্তি জব্দের আবেদনটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

আবেদনে বলা হয়, মমতাজ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। অভিযোগ অনুসন্ধানের জন্য দল গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালে মমতাজের উল্লিখিত সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা প্রয়োজন।

আরও পড়ুন

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন দলটির সাবেক সংসদ সদস্য মমতাজ। ২০২৫ সালের মে মাসে তাঁকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে।

আরও পড়ুন