বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবে না, এমন সিদ্ধান্ত অযৌক্তিক: তথ্যমন্ত্রী
ছাত্রীরা বিয়ে করলে হলে থাকতে পারবেন না, এমন সিদ্ধান্ত একেবারেই অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীরা এক জায়গায় বসবেন, ছাত্ররা আরেক জায়গায় বসবেন, সেটিও অবাস্তব সিদ্ধান্ত বলে তিনি মনে করেন।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে কেব্ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার এবং বাসে ছাত্র-ছাত্রীদের আলাদা বসার নির্দেশ দেয়। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমি কাগজে খবরটা দেখেছি, এ ধরনের একটি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নিয়েছে জেনে খুব আশ্চর্য হয়েছি। ছাত্রীরা বিয়ে করলে হলে থাকতে পারবে না, এমন সিদ্ধান্ত আমার দৃষ্টিতে একেবারেই অযৌক্তিক। পাশাপাশি এ যুগে বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীরা এক জায়গায় বসবে, ছাত্ররা আরেক জায়গা বসবে, সেটিও তো অবাস্তব একটি সিদ্ধান্ত। এ ধরনের সিদ্ধান্ত কর্তৃপক্ষ কীভাবে নেয়, এটা আমার বোধগম্য নয়। আমি এটা শিক্ষামন্ত্রীর নজরে আনব। কারণ, এর উপযুক্ত কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রী।’
গত ২৫ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ দীপিকা রানী সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের আসন ছাড়তে বলা হয়। কেননা, হলের আবাসিকতা পাওয়ার শর্ত অনুযায়ী বিবাহিত ছাত্রীদের আসন পাওয়ার সুযোগ নেই।
প্রাধ্যক্ষের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবাসিকতা লাভ ও বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২০২১-এর ১৭ নম্বর ধারা মোতাবেক বিবাহিত ও গর্ভবতী ছাত্রীরা আবাসিক সিট (আসন) পাবে না; বিধায় তারা অতি দ্রুত হলের সিট ছেড়ে দেবে। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিয়ে ও সন্তান জন্মদান—দুটোই নারীর প্রজনন অধিকার। এরপরও বিশ্ববিদ্যালয়ের হলে আসন পাওয়া, চাকরিসহ অনেক ক্ষেত্রেই নারীদের বেলায় অবিবাহিত হওয়া কিংবা সন্তান না থাকার শর্ত জুড়ে দেওয়া হয়। ২ অক্টোবর প্রথম আলো অনলাইনে ‘বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় নারীদের বিয়ে করা কি অপরাধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বাসে ছাত্রীদের আলাদা বসা নিয়ে ১৮ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন নির্দেশনা দেয়। শিক্ষার্থী পরিবহনের বাসগুলোয় ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ করে নির্দেশনা দেওয়া হয়। পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক সিদ্ধার্থ ভৌমিকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের বহনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিলভার (রুপালি) রঙের একতলা বাসের সামনের দ্বিতীয় সারি থেকে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের সব আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসির লাল রঙের দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা আর ওপর তলায় ছাত্ররা অবস্থান করবেন।