ছাত্র-জনতার অভ্যুত্থান: চট্টগ্রামে আহত শিক্ষার্থীর মৃত্যু
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম কাউসার মাহমুদ (২২)। গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সদস্য মাশরাফি সরকার প্রথম আলোকে বলেন, কাউসার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। এখানকার দায়িত্বে থাকা এই উপকমিটির প্রতিনিধি নুসরাত জাহান বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কাউসার মারা যান।
এ নিয়ে আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত অন্তত ৭৬৫ জনের মৃত্যু হলো।
সহপাঠীরা জানান, কাউসার চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় আন্দোলনে আহত হয়েছিলেন তিনি। প্রথমে তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, কাউসারের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে। বাবার নাম আবদুল মোতালেব। তিন ভাই ও এক বোনের মধ্যে কাউসার মাহমুদ ছিলেন সবার বড়। পরিবারটি দীর্ঘদিন ধরে নগরের আগ্রাবাদের চট্টগ্রাম কমার্স কলেজ সড়ক এলাকায় বসবাস করে আসছে।
কাউসারের বাবা আবদুল মোতালেব আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ঢাকায় প্রথম জানাজার পর তাঁর ছেলের মরদেহ চট্টগ্রামে আনা হবে। চট্টগ্রামে দ্বিতীয় জানাজা হবে। কাউসার মাহমুদকে আগ্রাবাদের মোগলটুলী আবদুর রহমান মাতব্বর জামে মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হবে।
কাউসারের সহপাঠী এ কে এম ফাহিম চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ বেলা আড়াইটায় নগরের চকবাজারের প্যারেড ময়দানে গায়েবানা জানাজা হবে।