এটা গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়

সালাহউদ্দিন এম. আমিনুজ্জামান

স্থানীয় সরকার গণতন্ত্রের সূতিকাগার—আমরা তাত্ত্বিকভাবে এটা বলে থাকি। গণতন্ত্রকে স্থিতিশীল, কার্যকর ও শক্তিশালী করতে কার্যকর স্থানীয় সরকার জরুরি। বাংলাদেশে স্থানীয় সরকারব্যবস্থায় দুর্বলতা আছে। সেই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু বাংলাদেশে স্থানীয় সরকারকে স্বাধীনতা দেওয়ার সংস্কৃতি নেই; বরং নিয়ন্ত্রণের চেষ্টা আছে।

স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিকে বিশেষ পরিস্থিতি অথবা জনস্বার্থের নামে বরখাস্ত করার সুযোগ রাখাকে আমি গণতন্ত্রের জন্য বাধা হিসেবে উল্লেখ করব। এটা গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়। এমন চর্চা অব্যাহত থাকলে সব সময় স্থানীয় সরকার দুর্বল থেকে যাবে।

স্থানীয় সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাদের দায়ও সেই স্থানীয় মানুষের কাছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকলে স্থানীয় সরকারের মধ্যে কোনো স্পৃহা থাকবে না, কর্মদক্ষতা তৈরি হবে না, দায়বদ্ধতা তৈরি হবে না। তারা সরকারের দিকে তাকিয়ে থাকবে।

আরও পড়ুন

স্থানীয় সরকারকে যদি আইনের কাঠামোর মধ্যে স্বায়ত্তশাসিত করা যায়, তাহলে জনগণের আস্থা বাড়বে। তখন উন্নয়নটাও হবে। একই সঙ্গে তাদের (জনপ্রতিনিধি) জবাবদিহিও নিশ্চিত করতে হবে। তবে জবাবদিহির কাঠামো হতে হবে ভিন্ন। কেন্দ্রীয় সরকারের একজন কর্মকর্তা স্থানীয় সরকারের জনপ্রতিনিধির ওপর খবরদারি করবেন, সেটা খুব একটা গণতান্ত্রিক বলে মনে করি না।

স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও আমলাদের মধ্যে দ্বান্দ্বিক সম্পর্ক থাকে। সেটি বিবেচনায় নিয়ে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের জবাবদিহি আমলাদের বদলে একটি কমিশনের অধীনে নেওয়া যেতে পারে। নাম হতে পারে স্থানীয় সরকার কমিশন। এই কমিশনের কাজ হবে স্থানীয় সরকারের প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা এবং ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা।

  • সালাহউদ্দিন এম. আমিনুজ্জামান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক