হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৫০

হামে আক্রান্ত এক শিশুর চিকিৎসা চলছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। শ্যামলী, ঢাকা, ১১ আগস্টফাইল ছবি প্রথম আলো

হামের উপসর্গে দেশে আরও সাতজন মারা গেছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম–সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮৫১ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৯৫০।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৬৫১ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে সাতজন মারা গেছে, তাদের চারজন ঢাকা বিভাগের, দুজন বরিশাল বিভাগের এবং একজন সিলেট বিভাগের।

আরও পড়ুন