বিয়ে নিয়ে মামলায় খালাস নাসির–তামিমা

রায় ঘোষণা উপলক্ষে নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী আজ বুধবার আদালতে হাজির হন
ছবি: প্রথম আলো

ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষিত হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন। বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

রায় ঘোষণা উপলক্ষে নাসির ও তামিমা আজ আদালতে হাজির হন।

নাসির হোসেন ও তামিমা সুলতানা
ছবি: সংগৃহীত
আরও পড়ুন

মামলাটি করেছিলেন রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা।

গত ৬ মে এ মামলায় বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ (১০ জুন) ধার্য করেন আদালত। সে অনুযায়ী আজ রায় হলো।

আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, আদালত এ মামলায় নাসির–তামিমাকে বেকসুর খালাস দিয়েছেন। ফলে এখন আর বলার সুযোগ নেই যে তাঁদের বিয়ে অবৈধ। রায়ে তাঁরা সন্তুষ্ট।

আরও পড়ুন

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, তাঁরা ন্যায়বিচার পাননি। তাঁরা আপিল করবেন।

জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমাকে বিয়ে করেন। রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। ১০ দিন পর ২৪ ফেব্রুয়ারি রাকিব মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাঁকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি দুজনকে আসামি করে অভিযোগ গঠন করেন আদালত।

আরও পড়ুন
আরও পড়ুন