তেলবাহী তিনটি ওয়াগান দুই কারণে লাইনচ্যুত, চারজন অভিযুক্ত

লাইনচ্যুত জ্বালানি তেলবাহী ট্রেনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইনের ত্রুটি ও কর্মীদের অবহেলায় চট্টগ্রাম নগরের হালিশহরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এলাকায়  জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী ট্রেনচালকসহ চার কর্মী। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। কমিটি গত রোববার প্রতিবেদন জমা দেয়। তবে কী পরিমাণ তেল পড়ে গেছে, তার পরিমাপ করা যায়নি।

তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মো. আবিদুর রহমান। তিনি বলেন, জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুটি কারণ চিহ্নিত করেছে কমিটি। আর চারজনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে। আর কী পরিমাণ তেল বাইরে পড়েছে, তার পরিমাণ আগামী রবি বা সোমবার জানা যাবে।

তদন্ত প্রতিবেদনে যাঁদের অভিযুক্ত করা হয়েছে তাঁরা হলেন লোকোমাস্টার আবদুল ওয়াদুত, সহকারী লোকোমাস্টার মো. ওয়াদুদ, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সারোয়ার ও শ্রমিক (রেললাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা) নাজিম উদ্দিন। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রেললাইনে ত্রুটি ছিল। সচরাচর লাইনচ্যুতির ঘটনা মানে ট্রেনের চাকা লাইন থেকে পড়ে যায়। কিন্তু এবার চাকা পড়ার সঙ্গে সঙ্গে ওয়াগনও উল্টে যায়। এতে তেল বাইরে পড়ে গেছে। চাকা লাইনচ্যুত হওয়ার পরও চালক ট্রেন চালিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ জন্য ওয়াগন উল্টে যায়।

আরও পড়ুন

চট্টগ্রাম নগরের হালিশহরে সিজিপিওয়াইতে প্রবেশের সময় ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। নগরের গুপ্তখাল এলাকায় অবস্থিত বিভিন্ন তেল কোম্পানি থেকে তেল ভর্তি করে ট্রেনটি সিজিপিওয়াইতে আসছিল। ইয়ার্ডে প্রবেশ করার মুহূর্তে লাইনচ্যুতির ঘটনা ঘটে। এর মধ্যে দুটি ওয়াগনের অধিকাংশ তেল পড়ে যায়। অন্যটির মুখ আটকাতে সক্ষম হয়েছিলেন রেলওয়ের কর্মীরা। লাইনচ্যুত ওয়াগনের জ্বালানি তেল ছড়িয়ে মহেশ খালের শাখা খালে গিয়ে পড়ে।

সুপারিশ
এদিকে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য তদন্ত কমিটি ১০টি সুপারিশ করেছে। উল্লেখযোগ্য সুপারিশ হচ্ছে সিজিপিওয়াইতে জনবলসংকট রয়েছে। ২২০ থেকে ২৩০ জন লোকবল থাকার কথা থাকলেও আছে অর্ধেকের মতো। একেকজন দুই থেকে তিনটি দায়িত্বে রয়েছেন। লোকবলের ঘাটতি পূরণ করতে হবে। রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। ইয়ার্ডে কর্মরত কর্মীদের মধ্যে যোগাযোগব্যবস্থার উন্নয়নে ওয়াকিটকির ব্যবস্থা করতে হবে। আর রেললাইনে থাকা অকেজো স্লিপার সরিয়ে নতুন করে স্থাপন করতে হবে।

আরও পড়ুন