‘মামা, আম্মুকে কবরে দিয়ে আসছ, আমি আর দেখতে পারব না?’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই শোকবার্তা দিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেহজাবিন সূহীর মা শিউলি আক্তার সোমবার সকালে ডেঙ্গুতে মারা গেছেন। মেহজাবিন তার মামা হেলাল আহমেদকে বলেছে, ‘মামা, আম্মুকে কবরে দিয়ে আসছ, আমি আর দেখতে পারব না?’

হেলাল আহমেদ আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এই মেয়ের প্রশ্নের তো কোনো উত্তর নেই। মেয়েকে বললাম, তোমার মা আকাশের তারা হয়ে গেছেন। তুমি ভালো কাজ করলে মা আকাশ থেকে সব দেখতে পারবেন। এ ছাড়া কী আর বলব?’

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল দিবা শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মেহজাবিনের মা শিউলি আক্তার সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিউলি আক্তার অনেক আগে তাঁর স্বামী শফিকুল ইসলামকে জানিয়েছিলেন, মারা গেলে তাঁর বাবার কবরের পাশে যেন তাঁকে কবর দেওয়া হয়। এ ইচ্ছা পূরণে শিউলি আক্তারকে নরসিংদীতে তাঁর বাবার কবরের পাশেই কবর দেওয়া হয়েছে। মেহজাবিন তার অষ্টম শ্রেণি পড়ুয়া ভাই, বাবাসহ এখন নরসিংদীতে নানাবাড়িতে আছে।

শিউলি আক্তার স্বামী শফিকুল ইসলাম ও ছেলেমেয়েদের নিয়ে রাজধানীর শাহজাহানপুরে থাকতেন। স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন শফিকুল ইসলাম। আজ দুপুরে মুঠোফোনে হেলাল আহমেদ জানালেন, তাঁর বড় বোন শিউলি আক্তার ঈদের পর ২ জুলাই (রোববার) পরিবার নিয়ে বাবার বাড়ি নরসিংদীতে বেড়াতে গিয়েছিলেন। ৪ জুলাই মঙ্গলবার তাঁর জ্বর আসে। আগে থেকেই জায়গা পরিবর্তন হলে শিউলি আক্তারের ঠান্ডা–জ্বর হতো। এবারও জ্বর আসার পর সবাই ভেবেছিলেন, এটা স্বাভাবিক জ্বর। তাই শুরুতে বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেননি কেউ।

হেলাল আহমেদ জানালেন, নরসিংদীতে ডেঙ্গুর প্রকোপ কম। তাই শিউলি আক্তারের ডেঙ্গু হতে পারে, তা কারও মাথায় আসেনি। তবে জ্বর শুরুর দুই দিন পরে শিউলি আক্তারের পাতলা পায়খানা শুরু হলে তখন বুঝতে পারেন, এটা স্বাভাবিক জ্বর নয়। কিন্তু পাতলা পায়খানার জন্য তখন তাঁকে চিকিৎসকের কাছে বা ঢাকায় আনাও যাচ্ছিল না। ৭ জুলাই (শুক্রবার) জ্বর সেরে গেলেও পাতলা পায়খানা না কমায় রাতেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভের রিপোর্ট শনিবার দুপুরে পাওয়া যায়। রক্তে প্লাটিলেট (অনুচক্রিকা) কমসহ অন্যান্য জটিলতা দেখা দিলে জেলা হাসপাতাল থেকে ঢাকায় আনার পরামর্শ দেওয়া হয়। তারপর ঢাকায় এনে মগবাজারের রাশমনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রোববার সকালে শিউলি আক্তারের শরীরে পানি আসে। পরে তাঁকে স্কয়ার হাসপাতালে আনার পর লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার (১০ জুলাই) সকালে তাঁর মৃত্যু হয়।

বেলাব উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর হেলাল আহমেদ আক্ষেপ করে বললেন, ‘বোনের স্বাভাবিক জ্বর মনে করে সময় নষ্ট হয়েছে। এটাকে আমাদের গাফিলতিও বলা যায়।’

এরপর ঢাকায় এনেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি বলে মনে করছেন হেলাল আহমেদ। বোনকে প্রথমেই স্কয়ার হাসপাতালে ভর্তি করালে ভালো হতো বলে মনে করছেন তিনি। হেলাল বলেন, ‘আসলে আমাদের এটা কপালে ছিল, তাই বোনকে এভাবে হারাতে হলো। তবে বোন মারা যাবে, তা আমরা কেউ ভাবতেই পারিনি। শনিবারও আমাদের সঙ্গে কথা বলেছে।’ তিনি জানান, তাঁরা দুই ভাই ও তিন বোন ছিলেন। এখন দুই বোন রইল। ‘মাত্র ৪২ বছর বয়সে বোনটা আমাদের ছেড়ে চলে গেল,’ আক্ষেপ করে বলেন হেলাল উদ্দিন।

বোনের চিকিৎসায় ঢাকার দুই হাসপাতালে প্রায় পাঁচ লাখ টাকা বিল এসেছে জানিয়ে হেলাল আহমেদ বলেন, টাকার চেয়েও বড় কথা হলো, হাসপাতালগুলো যথাযথ সেবা দিচ্ছে কি না, তা নিয়ে সরকারকে নজরদারি বাড়াতে হবে। সাধারণ মানুষ তো আর এসব বুঝতে পারবে না।

প্রাণঘাতী ডেঙ্গু যেভাবে সারা দেশে ছড়িয়েছে, তাতে জেলা ও উপজেলা পর্যায়ে গুরুতর রোগীদের দ্রুত পরীক্ষা–নিরীক্ষার জন্য ল্যাব সার্বক্ষণিক খোলা রাখার ব্যবস্থা করা দরকার বলে উল্লেখ করেন স্বজন হারানো এই ব্যক্তি।

হেলাল আহমেদ বলেন, মাত্র দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া বোনের মেয়েটাকে নিয়ে সবার চিন্তা ছিল। তবে মেয়েটা বয়সের তুলনায় বুঝদার হয়েছে। এখানে অনেক মানুষের মধ্যে আছে। তবে ঢাকায় ফেরার পর আস্তে আস্তে হয়তো বুঝতে পারবে সে কী হারিয়েছে। তখন তাকে সামলানো কঠিন হয়ে যাবে।

শিউলি আক্তারের স্বামী শফিকুল ইসলামের ঢাকায় একটি ওষুধের দোকান আছে। হেলাল আহমেদ বোন আর তাঁর দুলাভাইয়ের প্রসঙ্গে বলেন, এই দুজন দুজনকে খুব বুঝতে পারতেন। শফিকুল ইসলাম প্রায় সময়ই বলতেন, তাঁর স্ত্রী শিউলি আক্তার সংসারের হাল শক্তভাবে ধরেছিলেন বলেই তিনি এ পর্যায়ে আসতে পেরেছেন। চোখের সামনে স্ত্রীর এভাবে চলে যাওয়া তিনি কিছুতেই মানতে পারছেন না। ছোট ছোট ছেলে–মেয়ে নিয়ে কীভাবে দিন পার করবেন, তা ভেবেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন।

ডেঙ্গুতে এর আগে ৩ জুলাই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইলমা জাহান মারা যায়। ২৯ জুন ঈদুল আজহার দিন বিকেলে ইলমার জ্বর আসে। এক দিন বাদে শনিবার তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। পরদিন রোববার পরীক্ষায় প্লাটিলেট কম পাওয়া গেলে রাত ১০টায় ইলমাকে রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ৩ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়েটি মারা যায়।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন