সমাজের ভেতর থেকেই একনায়কতন্ত্রের জন্ম হয়

লেখকজীবনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প বলেন সোমালীয় ঔপন্যাসিক নুরুদ্দিন ফারাহছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের ভেতর থেকেই একনায়কতন্ত্রের জন্ম হয়। একনায়কতন্ত্র অন্য জায়গা থেকে আসে না।  তাই দেখতে হবে, সমাজের কোন বিষয়গুলো মানুষের এই মনোভাব তৈরি করে। সোমালিয়ার রাজনৈতিক সংকট এবং নিজের সাহিত্যচর্চা নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন সোমালীয় ঔপন্যাসিক নুরুদ্দিন ফারাহ।

ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে ‌‘লস্ট কান্ট্রি, লাস্ট ওয়ার্ডস’ শীর্ষক আলোচনা পর্বে তিনি ছিলেন একমাত্র বক্তা। পর্বটি সঞ্চালনা করেন ঢাকা লিস্ট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ।

এই পর্বে উঠে আসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক নুরুদ্দিন ফারাহর বিভিন্ন ভাষার ভেতর থেকে ইংরেজিকে লেখার মাধ্যম হিসেবে বেছে নেওয়ার গল্প। প্রথমে তিনি ইতালীয় ভাষায় লিখতে চেষ্টা করেছেন, কিন্তু মনের ভাব প্রকাশ এতই কঠিন হয়েছিল যে আশঙ্কা হতো, টাইপরাইটারে নিজের আঙুল ভেঙে যাবে। আরবি ভাষায়ও তাঁর দক্ষতা ছিল। কিন্তু তিনি ইতালিয়ান আর আরবি ভাষা বাদ দিয়ে ইংরেজিতে লেখা শুরু করেন। তবে সোমালিয়ার ভাষায় লেখা কিছু কাজও আছে নুরুদ্দিন ফারাহর। দেশ ছাড়ার প্রসঙ্গে নুরুদ্দিন ফারাহ বলেন ‘সোমালীয় ভাষায় উপন্যাস লিখেছিলাম, যেটা সেখানকার এক পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু সেন্সর বোর্ড বইয়ের কয়েকটি অংশ নিয়ে আপত্তি জানিয়ে সংশোধন করতে বলে। তখন কারাগারে পাঠানোর হুমকিও দেওয়া হয়েছে। আমি সংশোধন না করে বসে থাকি। ফলে বইয়ের প্রকাশনা বন্ধ হয়ে যায়। তখন অন্য দেশে চলে যেতে বাধ্য হই।’ বর্তমানে এই লেখক যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।  

ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে ‌‘লস্ট কান্ট্রি, লাস্ট ওয়ার্ডস’ শীর্ষক আলোচনা পর্বে তিনি ছিলেন একমাত্র বক্তা। পর্বটি সঞ্চালনা করেন ঢাকা লিস্ট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ।
ছবি: তানভীর আহাম্মেদ

১৯৪৫ সালে সোমালিয়ায় জন্ম নেওয়া এই লেখকের প্রথম উপন্যাস প্রকাশিত হয় ১৯৭০ সালে। ‘ফ্রম আ ক্রুকড রিব’ নামের এ উপন্যাসের মূল চরিত্র এক নারী। এই নারী নিজের বিয়ের আসর থেকে পালিয়ে যায়। প্রথম উপন্যাসে শক্তিশালী এক নারীর চরিত্র সৃষ্টির প্রসঙ্গে জানতে চাইলে লেখক রসিকতা করে বলেন, ‘নিজের নুরুদ্দিন ফারাহ নামের জন্য জীবনে অনেকবার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। প্রকাশককে বইয়ের পাণ্ডুলিপি দিলে তিনিও জানতে চেয়েছেন। এরপর আমি নিজের একটা ছবি দিয়ে দিতাম সঙ্গে।’

লেখকদের স্বাধীনতার প্রসঙ্গে বলতে গিয়ে নিজের উদাহরণ টেনে বলেন, ‘আমি সব সময়ই একটু বেয়াড়ামতো ছিলাম। কিছু করতে হবে নির্দেশ দিলে বরং উল্টোটাই করতে পছন্দ করতাম।’ অল্প বয়সেই এমন সব সিদ্ধান্তের উদাহরণ টেনে তিনি ভারতে পড়তে আসার কথা বলেন। নুরুদ্দিন ফারাহ জানান, ‘১৮-১৯ বছর বয়সে দুটি স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রে না গিয়ে আমি ভারতে গিয়েছি। আত্মবিশ্বাস ছিল যুক্তরাষ্ট্রে কখনো যাবই। কিন্তু তখন আগ্রহ বেশি ছিল হিন্দু, বৌদ্ধ ধর্মের মূল কথা সম্পর্কে আরও বেশ জানার। ভেবেছিলাম, ভারতেই সেটা সম্ভব। কিন্তু সিদ্ধান্তটা যে ঠিক ছিল না, তা বুঝতে সময় লেগেছে।’ তবে প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে তাঁর ভালো লেগেছে বলে সোমালীয় ঔপন্যাসিক আলোচনার শুরুতেই নিজের অনুভূতি প্রকাশ করেন।

লেখকের দায়বদ্ধতা নিয়ে পাঠক জানতে চাইলে নুরুদ্দিন ফারাহ বলেন, দায়বদ্ধতা ব্যাপারটি মানবিকতারই অংশ। এটি আলাদা করে লেখকের মনে রাখার প্রসঙ্গ নয়। মানুষ হিসেবে যা তাঁকে প্রভাবিত করে, এর সবকিছু তাঁর লেখায় উঠে আসবে স্বাভাবিকভাবে।

আরও পড়ুন