এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল

অনলাইনে এইচএসসির ফল দেখছেন একজন শিক্ষার্থীফাইল ছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন পরীক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী। আর ফলাফল পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর।

আজ সোমবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। তবে এই ফল নিয়ে একাধিকবার ভুলের ঘটনা ঘটেছে। প্রথমে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার জানানো হয় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন এবং নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। আর নতুন জিপিএ-৫ পান ১৬০০ পরীক্ষার্থী।

সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যে সংশোধিত ফলাফল জানিয়েছে, তাতে দেখা যায় নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ১ হাজার ৬২০ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৫ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬৩, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে নতুন করে ২৭৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৩৮ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

আরও পড়ুন

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এবার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। তাঁদের আবেদন করা উত্তরপত্রের সংখ্যা ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি।

ঢাকা শিক্ষা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দ্রুততার সঙ্গে ফল তৈরি করতে গিয়ে প্রথমে ভুল হলেও পরে তা দ্রুতই সংশোধন করে প্রকাশ করা হয়েছে।

এসএসসিতেও ব্যাপক পরিবর্তন

এর আগে গত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নেও বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছিল। তখন ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ৭৯ জন। প্রথম ফল প্রকাশের সময় ফেল করা ৪ হাজার ৫৮৫ পরীক্ষার্থী পরে পাস করেন। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ এবার এসএসসিতে ফেল থেকে পাস করার সংখ্যা গত বছরের দ্বিগুণের বেশি।

এ ছাড়া এসএসসিতে ফল বা গ্রেড পরিবর্তন হয়েছিল ২৭ হাজার ৮৩৬ জনের এবং নম্বর পরিবর্তন হয়েছিল ৫৬ হাজার ২৫৯ জনের।

আরও পড়ুন

উত্তরপত্র মূল্যায়নব্যবস্থার মান নিয়ে প্রশ্ন

এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় প্রতিবছর পুনর্নিরীক্ষণে কিছু পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়। তবে এ বছর দুই পরীক্ষাতেই পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনকারীর সংখ্যা রেকর্ড হয়েছে। একই সঙ্গে ফল পরিবর্তনের সংখ্যাও আগের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়েছে।

ফল পুনর্নিরীক্ষণের পর এত ব্যাপক পরিবর্তন কেবল পরীক্ষার্থীদের ফল সংশোধনের ঘটনা নয়; এটি এসএসসি ও এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নব্যবস্থার মান ও নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। প্রথম দফায় উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষকদের দেওয়া নম্বর কতটা নির্ভুল ছিল, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা মনে করেন, পুনর্নিরীক্ষণের পাশাপাশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ সৃষ্টির কারণেই এবার ফলাফলে বেশি পরিবর্তন এসেছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, এবার পুনর্নিরীক্ষণে কারও ফলের অবনতি হয়নি। তবে পরবর্তী বছর থেকে সেই ব্যবস্থাও রাখা হতে পারে।