‘আর কত বোঝা আসবে মানুষের ওপর?’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর কত বোঝা আসবে মানুষের ওপর? বাজার থেকে শুরু করে ঘোরাফেরা—সব কিছুতেই লাগাম টেনেছি। আর ব্যয় কমানোর মতো আর কোনো খাত নেই।’

আজ মঙ্গলবার নতুন করে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিক্রিয়া জানতে চাইলে এসব কথা বলছিলেন রায়হানুল আলম, যিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি আরও বলেন, গ্যাস আর বিদ্যুৎ দুটিই সরাসরি মানুষের সংসারের সঙ্গে সম্পৃক্ত। এগুলোর মূল্যবৃদ্ধি মানে সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া। বেতন তো লাফিয়ে বাড়ছে না।

রায়হানুল জানান, তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বছরে অন্তত দুবার ঢাকার বাইরে বেড়াতে যেতেন। গত বছরের শুরুর দিকে গিয়েছিলেন। বাড়তি খরচের চিন্তায় বছর শেষে আর যাননি।

বিদ্যুৎ বিভাগ আজ যে দাম বাড়িয়েছে, তা কার্যকর হবে আগামীকাল, অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে। নতুন মূল্য অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীর জন্য আগের চেয়ে ইউনিটপ্রতি ২০ পয়সা মূল্য বেড়েছে। গ্রাহক পর্যায়ে এ দাম ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়েছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য ৬ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

পাইকারি পর্যায়ে বেশি হারে দাম বাড়ানোর কারণে খুচরা পর্যায়ে সরবরাহকারী কোম্পানিগুলো মূল্যবৃদ্ধির দাবি তুলতে পারে। খুচরায় দাম আরও বাড়ানো হলে সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। এর আগে গত নভেম্বরে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৯২ শতাংশ বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। এটি ডিসেম্বর থেকে কার্যকর হয়। খুচরায় গত ১২ জানুয়ারি ৫ শতাংশ বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম।

সব মিলিয়ে সরকার গত ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর আগে গত বছর রেকর্ড হারে বাড়ে জ্বালানি তেলের দাম। গ্যাসের দাম গত জুনে গড়ে ২৩ শতাংশ বাড়ানো হয়েছিল। ১৮ জানুয়ারি তা রেকর্ড ৮২ শতাংশ বাড়ানো হয়।

আরও পড়ুন

শুধু গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি নয়, বেড়েছে সারের দাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৫১টি সেবার মূল্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে বিক্রি করা পণ্যের দাম, খাদ্যবান্ধব কর্মসূচির চালের দাম। ঢাকা ওয়াসা গত ১৪ বছরে ১৪ বার বাড়িয়েছে পানির দাম।

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির দাম এমন সময়ে বাড়ানো হচ্ছে যখন নিত্যপণ্যের চড়া দামে মানুষ সংকটে রয়েছেন। অন্যদিকে ব্যবসা-বাণিজ্যে গতি কমেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতে বাড়তি কর্মসংস্থানও তৈরি হচ্ছে না। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি ও গত মে মাস থেকে ডলারের দাম ৮৬ টাকা থেকে বেড়ে ১০৫ টাকায় ওঠায় সব আমদানি পণ্য ও শিল্পের কাঁচামালের দাম বেড়েছে, যা বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের দাম।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক জরিপভিত্তিক প্রতিবেদনে গত অক্টোবরে জানায়, দেশের ৬৮ শতাংশ মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছেন। জরিপে মানুষের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিগত ছয় মাসে তাঁদের ওপর বড় আঘাত কী। জবাবে ৮৮ শতাংশ মানুষ খাদ্যের চড়া দামকে বড় আঘাত হিসেবে উল্লেখ করেছেন। আরও তিনটি বিষয় বড় আঘাত হিসেবে উঠে এসেছে—রোগ ও চিকিৎসা ব্যয়, তেলের দাম ও পরিবহন ব্যয় এবং প্রাকৃতিক দুর্যোগ। এর মধ্যে সরকার বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে।

বিদ্যুতের মতো পরিষেবাগুলোর দামবৃদ্ধি যেন গ্রাহকের এখন গা সওয়া হয়ে গেছে। হতাশা প্রকাশ ও নিজেদের টানাটানি করে চলা ছাড়া তাঁদের কী করার আছে, সেটাই এখন প্রশ্ন। যেমনটি বলছিলেন খুলনা থেকে ব্যক্তিগত কাজে ঢাকায় আসা নিশীথ রঞ্জন মিস্ত্রী। তিনি প্রথম আলোকে বলেন, এগুলো গ্রাহকের কষ্ট বাড়ানো ছাড়া আর কিছু না। কয়দিন আগেই গ্যাসের দাম বেড়েছে। এরপর আবার বিদ্যুতের দাম বাড়ল, মানুষের জীবন চালাতে হিমশিম খেতে হবে।

বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মরত মাসুম রানার গত বছরের শুরুর দিকে বিদ্যুতের প্রিপেইড মিটারে মোটামুটি ৭০০ টাকা ভরলে (রিচার্জ) এক মাস চলে যেত। বছর শেষে শীত শুরুর আগে লাগত ১ হাজার টাকা। আগামী গ্রীষ্মে বিল কত আসবে, তা নিয়ে দুশ্চিন্তায় তিনি।

মাসুম রানা প্রথম আলোকে বলেন, নতুন করে দাম বাড়ানোয় সামনে পকেট থেকে আর কত টাকা বাড়তি যাবে, তা দেখতে হবে। আগে যে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করতেন, সেখানে এখন ছাড় দিতে হচ্ছে। বিদ্যুতের সঙ্গে সব কিছুই জড়িত। দাম বাড়ানোর প্রভাব সবকিছুতেই পড়বে।

বিদ্যুতের দাম বাড়াতে এখন আর গণশুনানির প্রয়োজন হচ্ছে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বাড়ানো হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম।

কারওয়ান বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল বাড়লে দোকানের ভাড়া থেকে শুরু করে মালামাল—সবকিছুর দাম বাড়বে। তখন ক্রেতার কাছ থেকে সে বাড়তি দাম সমন্বয় করে চলতে হবে। তবে এতে ক্রেতা মনঃক্ষুণ্ন হন। কিন্তু কিছুই করার নেই। সবাই নিরুপায়।